বিশ্বরেকর্ড গড়া ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। ছবি : সংগৃহীত
ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরি আর অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে প্রথম ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের সামনে রানের পাহাড় গড়ে তুলেছিল নিউজিল্যান্ড। সেই সঙ্গে ঘরের মাঠে ওপেনিং জুটিতে প্রথমবার ৩০০-এর বেশি রানের ঐতিহাসিক কীর্তিও গড়েন তারা। থামেননি দ্বিতীয় ইনিংসেও। দুইজন আবারও সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে এক অনন্য বিশ্বরেকর্ড গড়লেন ল্যাথাম-কনওয়ে জুটি।
টেস্ট ইতিহাসে এই প্রথম দুই ইনিংসেই দুই ওপেনার সেঞ্চুরি করলেন। এ ছাড়া একই টেস্টের দুই ইনিংস মিলিয়ে প্রথম উইকেট জুটিরও বিশ্বরেকর্ডও হয়েছে। এই দুই ক্রিকেটারের জুটিতে কিউইদের দুই ইনিংসে যোগ হয়েছে ৫১৫ রান!
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৩০৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের ১৫৫ রানের লিড যোগ হয়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়ায় ৪৬২ রানের লক্ষ্য।
প্রায় অসম্ভব এই লক্ষ্য তাড়া করতে নেমে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান তোলে ক্যারিবীয়রা। এখনো তারা পিছিয়ে ৪১৯ রানে। তবে হাতে ১০ উইকেট থাকায় ম্যাচ ঝুঁকছে ড্রয়ের দিকেই।
চতুর্থ দিনে ৬ উইকেটে ৩৮১ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
তবে দিনের শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে আর মাত্র ৩৯ রান যোগ করতেই ৪২০ রানে অলআউট হয়ে যায় তারা। আগের দিন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করা কাভেম হজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১২৩ রানে। এ ছাড়া ব্রেন্ডন কিং ৬৩, জন ক্যাম্পবেল ও অলিক আথানেজ দুজনই করেন ৪৫ রান করে, জাস্টিন গ্রিভস যোগ করেন ৪৩। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি নেন সর্বোচ্চ ৪ উইকেট, এজাজ প্যাটেল শিকার করেন ৩টি।

ইংল্যান্ডকে লজ্জা দিয়ে ১১ দিনেই অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া
১৫৫ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত রান তোলার পথ বেছে নেয় নিউজিল্যান্ড।
লক্ষ্য বড় করে জয়ের সম্ভাবনা তৈরি করাই ছিল লক্ষ্য। সেই পরিকল্পনায় সফল হন ওপেনার দুজনই। কাভেম হজের বলে আউট হওয়ার আগে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ল্যাথাম ১৩০ বলে ৯ চার ও ২ ছক্কায় করেন ১০১ রান। কনওয়ে ১৩৯ বলে ৮ চার ও ৩ ছক্কায় পূর্ণ করেন ১০০। চলতি সিরিজে এটি ল্যাথামের তৃতীয় এবং ক্যারিয়ারের ১৬তম টেস্ট সেঞ্চুরি। কনওয়ের এটি সপ্তম টেস্ট শতক।
শেষ দিকে কেইন উইলিয়ামসনের ৩৭ বলে ৪০ এবং রাচিন রবীন্দ্রর ২৩ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংসে মাত্র দুই উইকেট হারিয়েই ৩০৬ রানে পৌঁছে যায় কিউইরা। এরপর ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সতর্ক শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে তারা। ব্রেন্ডন কিং ৩৭ ও জন ক্যাম্পবেল ৫০ বল খেলে ২ রানে অপরাজিত আছেন। শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের সামনে বড় চ্যালেঞ্জ টিকে থাকা, আর নিউজিল্যান্ডের লক্ষ্য দ্রুত উইকেট তুলে জয়ের সম্ভাবনা জাগিয়ে রাখা।










































