ফিফার বেস্ট ইলেভেনে রাফিনহাকে না রাখা ‘হাস্যকর’, ক্ষুব্ধ বার্সা কোচ

ফাইল ছবি : রয়টার্স

ফিফার বর্ষসেরা একাদশে জায়গা না পাওয়ায় রাফিনহার বাদ পড়াকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন ছাড়াই এই ইস্যুতে ক্ষোভ উগরে দেন জার্মান কোচ।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোলের সঙ্গে ২৬টি অ্যাসিস্ট করেছেন ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

তার পারফরম্যান্সে ভর করেই লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকোপা জেতে বার্সা। একই সঙ্গে ২০১৯ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও ওঠে দলটি।

তবু গত মঙ্গলবার প্রকাশিত ফিফার বেস্ট ইলেভেনে জায়গা হয়নি রাফিনহার। তার বদলে জায়গা পেয়েছেন ওসমান দেম্বেলে, কোল পালমার, জুড বেলিংহ্যাম ও সতীর্থ লামিনে ইয়ামালের মতো তারকারা।

সংবাদ সম্মেলনের শেষে ফ্লিক বলেন, ‘আপনারা আমাকে এই বিষয়ে প্রশ্ন করেননি—এটা নিয়ে আমি খুশি নই, কারণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সাধারণভাবে এসব নিয়ে আমি খুব একটা ভাবি না। কিন্তু ফিফার এই বেস্ট ইলেভেনটা আসলে হাস্যকর। সত্যিই হাস্যকর।

রাফিনহার নাম না দেখে আমি অবাক হয়ে গেছি।

ফিফার বেস্ট ইলেভেন নির্বাচনে ভোট দেন জাতীয় দলের কোচ ও অধিনায়করা, সাংবাদিক ও সমর্থকেরা। এবারের দলে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা ছাড়াও আছেন আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্দেস, ভিতিনিয়া ও পেদ্রি।

ভোটে রাফিনহার প্রাপ্ত পয়েন্ট ছিল মোট ১২, যা আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পের চেয়েও কম! 

ফ্লিক আরো বলেন, ‘এই দলে রাফিনহাই ছিল সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগে তার গোল অবদান ছিল ২২টি, যা টুর্নামেন্টে সর্বোচ্চ।

তিনি যেভাবে খেলেছেন, যত গোল করেছেন, যত অ্যাসিস্ট দিয়েছেন—সবই অবিশ্বাস্য। এটা তার প্রতি মোটেও ন্যায্য নয়। আমার কাছে বিষয়টা এখনও অবিশ্বাস্য।’

চোটের কারণে চলতি মৌসুমে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলতে পারেননি রাফিনহা। তবে নভেম্বরের শেষ দিকে ফেরার পর শেষ চার ম্যাচের তিনটিতেই গোল করেছেন তিনি।

রোববার লা লিগায় তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার আক্রমণের নেতৃত্ব দেবেন রাফিনহাই। তবে এই ম্যাচে মিডফিল্ডার পেদ্রিকে পাচ্ছেন না ফ্লিক। হ্যামস্ট্রিং সমস্যার কারণে তাকে ঝুঁকিতে ফেলতে চান না কোচ।

ফ্লিক বলেন, ‘পেদ্রি এই ম্যাচে খেলতে পারবে না। এটা ফুটবলেরই অংশ। চোটটা গুরুতর নয়, পরের ম্যাচে সে প্রস্তুত থাকবে বলে আশা করছি। ঝুঁকি নেওয়া খুব বেশি হয়ে যেত।’
 

LEAVE A REPLY