সংগৃহীত ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো পাকিস্তানের সিদ্ধান্ত শেষ পর্যন্ত বদলাবে বলে মনে করছেন সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার বিশ্বাস, আর্থিক চাপ ও আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শিগগিরই পিছু হটতে বাধ্য হবে।
২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের বহুল আলোচিত ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা। পাকিস্তান সরকার দলকে শ্রীলঙ্কায় সফরের অনুমতি দিলেও, একই সঙ্গে ভারতের বিপক্ষে মাঠে না নামার সিদ্ধান্ত ঘোষণা করায় অনিশ্চয়তা তৈরি হয় এই হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে।
তবে অশ্বিন মনে করেন, এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হবে না। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত ম্যাচটি হবে। চার-পাঁচ দিনের মধ্যেই পাকিস্তান সিদ্ধান্ত বদলাবে। না খেললে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
সম্প্রচারকারীরা ক্ষতিগ্রস্ত হবে, আইসিসির অন্য সদস্য দেশগুলোরও লোকসান হবে।’
অশ্বিন আরো জানান, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের প্রভাব পড়তে পারে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। তার মতে, এমন পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়েও জটিলতা দেখা দিতে পারে।
ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতিকে ‘গ্রহণযোগ্য নয়’ বলেও মন্তব্য করেন এই সাবেক স্পিনার।তিনি বলেন, ‘ম্যাচটি তো নিরপেক্ষ ভেন্যুতে হচ্ছে। তাহলে সমস্যা কোথায়? নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলব না, এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য হতে পারে না।’
এদিকে টুর্নামেন্ট শুরুর আগে ৪ ফেব্রুয়ারি ওয়ার্ম-আপ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং পাকিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে। তবে পাকিস্তানকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক ৩-০ সিরিজ জয়ের উদাহরণ টেনে তিনি বলেন, পাকিস্তান চাইলে টুর্নামেন্টে অনেক দূর যেতে পারে।
অন্যদিকে আইসিসি এক বিবৃতিতে পিসিবিকে সতর্ক করে জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেটে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসিকে নিজেদের অবস্থান জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গ্রুপ ‘এ’-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই দুই দলই তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।










































