‘অপ্রাসঙ্গিক’ প্রশ্নে সংবাদ সম্মেলন বর্জন পাইলটের, কোয়াবের উদ্বেগ

ছবি : বিসিবি

বিসিবির গ্রাউন্ডস কমিটির কয়েকটি প্রজেক্ট সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে এসেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। তবে এক ইউটিউবারের প্রশ্ন করার ধরন পছন্দ না হওয়ায় সংবাদ সম্মেলন থেকে চলে যান উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট। 

পাইলটের সঙ্গে ঘটে যাওয়া এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটারদের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আজ বুধবার সংস্থাটির সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কোয়াব লিখেছে, ‘সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে এমন একটি পরিসরে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মতভিন্নতা বা কঠিন প্রশ্ন থাকতেই পারে, তবে তা প্রকাশ ও মোকাবেলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব।

আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, ক্রিকেটে কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিকদের মর্যাদা ও সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ।’ 

ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রত্যাশা রেখে সংশ্লিষ্ট সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে অনুরোধ করেছে কোয়াব। 

উল্লেখ্য, পাইলট গতকাল বলেছিলেন, ‘প্রশ্নটা আপনি এমনভাবে করেছেন, যাতে আপনার ভিউয়ার্স বাড়ে। পরিচালক হিসেবে নয়, একজন ক্রিকেটার হিসেবে বলছি, আপনার প্রশ্নটা আমার পছন্দ হয়নি বলে চলে যাচ্ছি।আমার মনে হয় আপনারা একজন-দুজন মানুষ ছাড়া পরিবেশটা নষ্ট করে দিলেন। আমরা সুন্দরভাবে কথা বলছিলাম। অসংখ্য ধন্যবাদ।’

LEAVE A REPLY