৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন হজযাত্রীরা

সংগৃহীত ছবি

‘২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর হজযাত্রীদের মক্কা ও মদিনায় হোটেলভাড়া সব মিলিয়ে ১০০০ সৌদি রিয়ালের কাছাকাছি কমানো হয়েছে। হজযাত্রীপ্রতি পরিবহনভাড়া ১০০ সৌদি রিয়াল কমানো সম্ভব হয়েছে। ২০২৬ সালের  হজ শেষে প্যাকেজ-১ ও ২-এর হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)  দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অন্তর্বর্তী সরকারের দেড় বছরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এ ছাড়া ২০২৫ খ্রিষ্টাব্দের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো এবং গত দুই বছরে পর্যায়ক্রমে ৪০ হাজার টাকা বিমানভাড়া কমানোর বিষয়টিকে উল্লেখ করার মতো অর্জন হিসেবে তুলে ধরেন তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের শূন্যপদে ১৬৩ জনকে নিয়োগ ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে খালিদ হোসেন বলেন, ‘গত দেড় বছর স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করার চেষ্টা করেছি। এর ফলে ধর্ম মন্ত্রণালয়ে ইতিবাচক পরিবর্তন হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মামলাজনিত কারণে ১৯৭ জনের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি সাপেক্ষে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। এ ছাড়া নবম ও তদূর্ধ্ব গ্রেডের ২৯ জন এবং ১০ থেকে ২০তম গ্রেডের ৩২ জনকে বিধিমোতাবেক পদোন্নতি দেওয়া হয়েছে।’

LEAVE A REPLY