ভারতে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেট। ছবিসূত্র : রয়টার্স
ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে অভিযান চালিয়ে পচা টমেটো ও রান্নার অযোগ্য পোড়া তেল খুঁজে পেয়েছেন দেশটির খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা। এই ঘটনায় বিশ্বখ্যাত এই ফাস্টফুড চেইনটিকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তা কর্মকর্তা সুশীল চোটওয়ানি জানান, নিয়মিত পরিদর্শনের সময় আউটলেটটিতে প্রায় ৪০ লিটার এমন তেল পাওয়া গেছে যা বারবার ব্যবহার করা হয়েছে এবং খাওয়ার একদম অনুপযুক্ত। এ ছাড়া সংরক্ষণে রাখা টমেটোগুলোও ছিল পচা।
এসব নমুনা জব্দ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
ম্যাকডোনাল্ডসের উত্তর ও পূর্ব ভারতের ফ্র্যাঞ্চাইজি ‘কনট প্লাজা রেস্টুরেন্টস’ জানিয়েছে, তারা খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতা করছে। তাদের দাবি, তারা সব সময় কঠোর বিশ্বমান ও নির্দেশিকা মেনে চলে।
খাদ্য নিরাপত্তা বিভাগ থেকে ম্যাকডোনাল্ডসকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে তাদের মান ঠিক করার জন্য।এই সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, শহরের অন্যান্য আউটলেটগুলোতেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।
ভারতে মাঝেমধ্যে খাদ্যে ভেজালের খবর পাওয়া গেলেও ম্যাকডোনাল্ডসের মতো বড় ব্র্যান্ডের ক্ষেত্রে এমন নিরাপত্তা ত্রুটি সচরাচর দেখা যায় না।
সূত্র : রয়টার্স









































