বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফ আফগান প্রেমিকের সঙ্গে একত্রবাস করছেন। বর্তমানে তিনি একটি রিয়্যালিটি শোতে রয়েছেন। সেখানেই প্রেমিকের কথা উজাড় করে বললেন কৃষ্ণা শ্রফ।
প্রেমিক কিসে সুখী হন, সেদিকে খেয়াল রাখেন কৃষ্ণা। তার কাছে এটাই প্রেমের সংজ্ঞা বলে জানিয়েছেন জ্যাকিকন্যা। ওই রিয়্যালিটি শোয়ে প্রিন্স নারুলা ও যুবিকা চৌধুরীর সঙ্গে নিজের প্রেমের কাহিনি শেয়ার করে নিয়েছেন পেশায় উদ্যোক্তা কৃষ্ণা শ্রফ। বর্তমানে তিনি মার্শাল আর্ট ফাইটার আবদুল আজিম বাদকাশির সঙ্গে সম্পর্কে রয়েছেন।
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে আবদুলকে প্রথমবার দেখেছিলেন কৃষ্ণা শ্রফ। তারপর সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রামের ইনবক্সে গিয়ে সেই মার্শাল আর্ট যোদ্ধাকে খুঁজে পান জ্যাকিকন্যা। আবদুল তাকে মেসেজ পাঠিয়েছিলেন ‘হাই’। সেখান থেকেই শুরু।
কৃষ্ণার ফোন নম্বর চাইতে খুব দেরি করেননি আবদুল আজিম বাদকাশি। তার কথা, এত আত্মবিশ্বাসের সঙ্গে কেউ আগে আমার সঙ্গে কথা বলতে আসেনি। আমার আত্মবিশ্বাস পছন্দ। আমাদের প্রথম ভাষাও আলাদা। ওর প্রথম ভাষা পারসি আর আমার ইংরেজি। আমার মতোই ভাঙা ভাঙা হিন্দি ও বলতে পারে।
সম্পর্ক এগোন প্রসঙ্গে কৃষ্ণা বলেন, দুই সপ্তাহ পরে আমাদের বিমানবন্দরে দেখা। পরস্পরকে বিদায় জানানোর পালা। দুজনেই কাঁদতে শুরু করি। ও দিল্লিতে ওর বন্ধুর কাছে চলে গেল। তারপর আমি ওর সঙ্গে দেখা করতে দিল্লি যাই। তিন সপ্তাহ থাকি, আমাদের সম্পর্কও এগোয়। তারপরে আমিই ওকে জিজ্ঞাসা করি— তুমি কি মুম্বাইয়ে এসে আমার সঙ্গে থাকবে? ও রাজি হয়ে যায় এবং আমরা একসঙ্গে থাকতে শুরু করি।










































