ইরানের রাজধানী তেহরানে রাতভর হামলায় শহরে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর মোহাম্মদ সাদেগ মোতামেদিয়ান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে গভর্নর বলেন, এই সমস্যাটি সমাধান করার চেষ্টা চলছে। শহরে জ্বালানির কোনো ঘাটতি নেই, তবে পুরো সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে কিছু সময় লাগতে পারে। সবাইকে জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার অনুরোধ করেছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার রাতে তেহরানের তিনটি এলাকায় জ্বালানি ও তেলের সংরক্ষণ ট্যাংকে ইসরায়েল-আমেরিকা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ফারস সংবাদ সংস্থার বরাতে এক কর্মকর্তা বলেন, ইসরায়েল-আমেরিকার হামলায় তেহরানের একটি তেল ডিপোর কয়েকটি জ্বালানি সংরক্ষণ ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রিফাইনারি (তেল শোধনাগার) ক্ষতিগ্রস্ত হয়েছে এই খবর সঠিক নয়।
ফারস আরো জানায়, আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
এছাড়া শাহরান এলাকার আরেকটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সেখানে দমকলকর্মীরা পানি চলাচলের খাল ও রাস্তার পাশে ছড়িয়ে পড়া আগুন নেভানোর কাজ করছেন।










































