তেল কেনার ‘অনুমতি’ প্রসঙ্গে ট্রাম্পকে তুলোধোনা কমল হাসানের

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর এক মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় অভিনেতা-সাংসদ কমল হাসান। তাঁর স্পষ্ট বার্তা—ভারত কোনও দেশের কাছ থেকে অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেয় না।

শনিবার ট্রাম্প মন্তব্য করেন, বিশ্বব্যাপী জ্বালানি বাজারে চাপ কমানোর জন্যই ভারতকে সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এই বক্তব্যকেই কড়া ভাষায় আক্রমণ করেন কমল হাসান।

রবিবার এক্স (টুইটার)–এ পোস্ট করে অভিনেতা লেখেন, “মাননীয় প্রেসিডেন্ট, আমরা ভারতবাসী—একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক। আমরা আর বিদেশিদের হুকুম শুনি না। তাই আপনার সর্বশক্তি দিয়ে নিজের চরকায় তেল দিন।”

এতেই থামেননি অভিনেতা।

চলমান ইরান–ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের কড়া অবস্থানকেও খোঁচা দেন তিনি। তাঁর বক্তব্য, “সার্বভৌম দেশগুলির মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকলেই দীর্ঘমেয়াদি বিশ্বশান্তি সম্ভব। আপনার দেশ ও সেখানকার নাগরিকদের শান্তি কামনা করি।”

রুশ তেল আমদানি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র–এর মধ্যে টানাপোড়েন নতুন নয়।

২০২২ সালে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা দেশগুলো প্রশ্ন তোলে কেন ভারত রাশিয়া থেকে তেল কিনছে। তখন নয়াদিল্লি স্পষ্ট জানায়—জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে যেখান থেকে দরকার সেখান থেকেই তেল কিনবে।

গত বছর রুশ তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে ট্রাম্প দাবি করেন, রুশ তেল কেনা বন্ধের শর্তেই ভারত–আমেরিকা বাণিজ্যচুক্তি এগোচ্ছে।

তবে সাম্প্রতিক পশ্চিম এশিয়ার উত্তেজনায় হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে।

ভারতের প্রয়োজনীয় তেলের বড় অংশ এই পথ দিয়েই আসে। সেই পরিস্থিতিতে ৩০ দিনের জন্য ভারতকে রাশিয়া থেকে তেল কেনার সুযোগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প—আর সেই বক্তব্যেই ক্ষোভ উগরে দেন কমল হাসান।

সূত্র: এনডিটিভি 

LEAVE A REPLY