ফর্টিসের বিপক্ষে হ্যাটট্রিক করে বসুন্ধরা কিংসকে জিতিয়েছেন দরিয়েলতন গোমেজ। ছবি: মীর ফরিদ
বসুন্ধরা কিংস ৩-২ ফর্টিস এফসি
৫ গোলের রোমাঞ্চকর এক লড়াই। সেই লড়াই শেষে নায়ক একজন—দরিয়েলতন গোমেজ। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে কিংস অ্যারেনায় আজ পিছিয়ে পড়েও ফর্টিস এফসিকে ৩-২ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।
এই জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফুটবল লিগ টেবিলের শীর্ষস্থানটা মজবুত করার পাশাপাশি শিরোপার দৌড়েও এগিয়ে গেল পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা।দুইয়ে থাকা ফর্টিসের সমান ম্যাচে পয়েন্ট ২১।
ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণের ঢেউ। প্রথমার্ধে দুই দলই লড়েছে সমানে সমান। তবে ১৯ মিনিটে প্রথম ধাক্কাটা দেয় ফর্টিস।
পা ওমরের রক্ষণ চেরা পাস থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার ওনিয়েকাচি ওকাফর নিখুঁত শটে বল জালে জড়ান।
তবে ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি বসুন্ধরা কিংস। ২৪ মিনিটে ডান প্রান্ত দিয়ে ঝড়ের গতিতে আক্রমণে ওঠা রাকিব হোসেনকে ডি বক্সে ফাউল করেন ফর্টিসের ডিফেন্ডার আবদুল্লাহ ওমর। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিধা করেননি।
২৬ মিনিটে স্পট কিক থেকে দরিয়েলতন গোল করে কিংসকে সমতায় ফেরান।
এরপরই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাকিবকে টেনেহিঁচড়ে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন আবদুল্লাহ ওমর। সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বসুন্ধরা কিংস।
৫২ মিনিটে ফয়সাল আহমেদের মাপা ক্রসে পা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোল করেন দরিয়েলতন। ২-১ গোলে এগিয়ে যাওয়া কিংস তখন ম্যাচ জয়ের নেশায় মত্ত।
কিন্তু ফর্টিসও দমে যায়নি। ৭৫ মিনিটে ভুটানি উইঙ্গার দাওয়া শেরিংয়ের কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক শটে জাল কাঁপান অনন্ত তামাং। ম্যাচে ২-২ সমতা।
গ্যালারির ফর্টিস সমর্থকরা যখন সমতা নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছেন, তখনই দৃশ্যপটে আবার ব্রাজিলিয়ান জাদুকর দরিয়েলতন। সমতায় ফেরার মাত্র তিন মিনিট পরেই (৭৮ মিনিট) ফর্টিসের রক্ষণকে পরাস্ত করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দরিয়েলতন। তার ওই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় বসুন্ধরা কিংসের।
একই দিন মুন্সীগঞ্জে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। গাজীপুরে পিডব্লিউডিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ।










































