গোলরক্ষকের নজিরবিহীন সংকটে বায়ার্ন মিউনিখ

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধরনের গোলরক্ষক সংকটে পড়েছে বায়ার্ন মিউনিখ। রাউন্ড অব ১৬–এর দ্বিতীয় লেগে আতালান্তার মুখোমুখি হওয়ার আগে দলটির প্রায় সব সিনিয়র গোলরক্ষকই চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন।

দলের এক নম্বর গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার পায়ের কাফ মাংসপেশির দীর্ঘস্থায়ী চোটে ভুগছেন। এই ইনজুরির কারণে অন্তত এপ্রিলের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই।ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে পাচ্ছে না বায়ার্ন।

এদিকে বিকল্প গোলরক্ষক জোনাস উরবিগ প্রথম লেগে আতালান্তার বিপক্ষে ম্যাচের শেষ দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরপর তাকে কনকাশন প্রোটোকলে রাখা হয়েছে, যার ফলে দ্বিতীয় লেগেও তার খেলার সম্ভাবনা অনিশ্চিত।

এর মধ্যেই নতুন করে চোট পেয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক সভেন উলরিখ।

শনিবার বায়ার লেভারকুসেনের বিপক্ষে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচে তার ডান উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে টান লাগে। ফলে তিনিও আপাতত মাঠের বাইরে।

এছাড়া রিজার্ভ দলের গোলরক্ষক লিওন ক্লানাচ দীর্ঘমেয়াদি চোটে ভুগছেন। গত ডিসেম্বর থেকে উরুর চোটের কারণে তিনি খেলতে পারছেন না।

সব মিলিয়ে গোলরক্ষক সংকটে পড়া বায়ার্ন মিউনিখ এখন বাধ্য হয়ে যুবদলের দিকে তাকাচ্ছে। জানা গেছে, নিউইয়র্ক সিটিতে জন্ম নেওয়া ১.৯৬ মিটার লম্বা ১৬ বছর বয়সী তরুণ গোলরক্ষক লিওনার্দ প্রেস্কটকে আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোলবারের দায়িত্ব দেওয়া হতে পারে।

গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে এমন পরিস্থিতি বায়ার্ন মিউনিখের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

LEAVE A REPLY