৯০০ গোলের ম্যাজিক ফিগারে মেসি

লিওনেল মেসি।

ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ম্যাচ চলাকালীন নিজের ক্যারিয়ারের ৯০০তম অফিসিয়াল গোল করে ইতিহাস গড়েন আর্জেন্টাইন এই মহাতারকা।

তবে ব্যক্তিগত এই অর্জনের রাতে দলীয় সাফল্য আসেনি। ইন্টার মায়ামি ১-১ গোলে ড্র করে নাশভিলে এসসির বিপক্ষে।দুই লেগ মিলিয়ে সমতা থাকলেও অ্যাওয়ে গোল নিয়মে বিদায় নিতে হয়েছে ইন্টার মায়ামিকে।

ম্যাচের শুরুতেই, প্রথম ১০ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। বক্সের ভেতর বল পেয়ে বাম পায়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান ক্রিস্টিয়ান এসপিনোজা।

এরপর আর জয়সূচক গোল পায়নি মায়ামি।

রোনালদোর পাশে মেসি
৯০০ গোলের মাইলফলক স্পর্শ করে মেসি জায়গা করে নিলেন এক বিশেষ তালিকায়। তার আগে এই কীর্তি গড়েছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো। বর্তমানে রোনালদোর গোল সংখ্যা ৯৬৫ এবং তিনি ১০০০ গোলের লক্ষ্য নিয়েই খেলছেন।

মেসি এই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১১৪২ ম্যাচ, যেখানে রোনালদোর লেগেছিল ১২৩৬ ম্যাচ। সর্বকালের তালিকায় তৃতীয় স্থানে আছেন পেলে, যার গোল সংখ্যা ৭৬৫। এখনো খেলছেন এমন ফুটবলারদের মধ্যে রবার্ট লেভানদোস্কি আছেন অনেকটাই পেছনে, তার গোল ৬৯০।

ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেছেন মেসি। এরপর পিএসজির হয়ে ৩২ এবং ইন্টার মায়ামির হয়ে ৮১ গোল যোগ করেছেন।

জাতীয় দলের জার্সিতে তার গোল সংখ্যা ১১৫।

LEAVE A REPLY