পাকিস্তান ক্রিকেটে ‘হস্তক্ষেপ’ নিয়ে সাবেক হোয়াইট-বল কোচ গ্যারি কারস্টেনের মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তার অভিযোগের প্রেক্ষিতে জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
টকস্পোর্ট ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে কারস্টেন দাবি করেন, দায়িত্বে থাকাকালীন সময়জুড়ে বাইরে থেকে অতিরিক্ত হস্তক্ষেপ ও চাপের কারণে তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারেননি।
কারস্টেন বলেন, ‘আমি আগে কখনো এমন মাত্রার হস্তক্ষেপ দেখিনি।
একজন কোচ হিসেবে খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে, যখন চারপাশে সবসময় চাপ ও অনাকাঙ্ক্ষিত প্রভাব থাকে।’
তিনি আরো অভিযোগ করেন, পাকিস্তান ক্রিকেটে দল ব্যর্থ হলেই সহজ টার্গেট করা হয় কোচদের। গভীর সমস্যাগুলো সমাধানের বদলে দ্রুত কোচদের ওপর দায় চাপানো হয় বলেও মন্তব্য করেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।
তবে সব সমালোচনার মাঝেও খেলোয়াড়দের প্রশংসা করেছেন কারস্টেন।
তার ভাষায়, ‘খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে আমি উপভোগ করেছি। ভাষাগত কিছু বাধা থাকলেও ক্রিকেটের ভাষা সবাই বোঝে।’
রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘কারস্টেনের সঙ্গে তার সরাসরি কাজের অভিজ্ঞতা সীমিত ছিল।’
নাকভি বলেন, ‘গ্যারি কারস্টেনের সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ হয়নি।
তাই তার অভিযোগের বিস্তারিত জবাব দেওয়া উচিত তাদের, যারা তার সঙ্গে নিয়মিত কাজ করেছেন।’
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তানের হোয়াইট-বল কোচ হিসেবে দায়িত্ব নেন কারস্টেন। তবে মাত্র ছয় মাসের মাথায় পদত্যাগ করেন তিনি। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের দল ঘোষণায় তাকে সম্পৃক্ত না রাখার সিদ্ধান্তের পরই এই পদত্যাগের ঘটনা ঘটে।











































