নতুন সিনেমার শুটিংয়ে সালমান খান

সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার সালমান খান তার পরবর্তী বড় প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছেন। ভারতের প্রখ্যাত প্রযোজক দিল রাজুর ব্যানারে ‘এসভিসি৬৩’ (সাময়িক নাম) ছবির শুটিং আগামী ১৮ এপ্রিল থেকে মুম্বাইয়ে শুরু হবে। অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ডে ছবির প্রথম শিডিউলের কাজ শুরু হবে।

সেখানে একটি ঘনবসতিপূর্ণ শহরের আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে, যেখানে সালমান খান একটি দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে অংশ নেবেন। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন মাস মুম্বাইসহ ভারতের বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে এবং ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে সিনেমার কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দক্ষিণী পরিচালক ভামসি পাইদিপল্লি পরিচালিত এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর ও অরবিন্দ স্বামীকে।

পরিচালক ভামসি এর আগে ‘ইয়েভাদু’ ও ‘ভারিসু’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।

এদিকে, সালমানের আরেক প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই যুদ্ধভিত্তিক সিনেমাটি ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও সংবেদনশীল বিষয়বস্তুর কারণে তা পিছিয়ে দেওয়া হয়। নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতারা।

সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া

LEAVE A REPLY