রুনার শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের চমক

বাংলাদেশের মেয়েদের গোল উদযাপন। ছবি: বাফুফে

বাংলাদেশ ২-১ উজবেকিস্তান

শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সমতায় ফেরার পর উজবেকিস্তানও জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে।তবে শেষ মুহূর্তে বাজিমাত করেছে লাল-সবুজের দল। 

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের গোলে উজবেকিস্তানকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।

তাসখন্দে আজ এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মহাগুরুত্বপূর্ণ এই জয় পেয়েছে বাংলাদেশ। ১১ অক্টোবর ফিলিপাইনকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ।

দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে শুরু থেকেই দারুণ খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সাইফুল বারী টিটুর দল। 

মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের বাড়ানো পাস ডান প্রান্তে থাকা পূর্ণিমা মারমার কাছে পৌঁছায়। এ সময় উজবেকিস্তানের গোলকিপার মারিয়া খালকুলোভা গোলবার ছেড়ে এগিয়ে আসেন।সুযোগ বুঝে পূর্ণিমা বুদ্ধিদীপ্ত চিপে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন।

তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১৭ মিনিটে নিজেদের বক্সের কাছে আইরিন খাতুনের ভুলের সুযোগ কাজে লাগান লারাঙ্গিজ লাকায়েভা। বল কেড়ে নিয়ে বাংলাদেশের গোলকিপার মেঘলা রানি রায়ের পাশ দিয়ে শট নেন তিনি। তাতেই সমতায় ফেরে উজবেকিস্তান।

বিরতির পরও সমানে-সমান লড়াই হয়েছে। দুই প্রান্তেই আক্রমণ হয়েছে, তৈরি হয়েছে গোলের সুযোগ। বাংলাদেশের হয়ে ডান দিক দিয়ে বল নিয়ে উজবেকিস্তানের বক্সে ঢুকে গোলের চেষ্টা করেন আলপি আক্তার। তবে তার শট ঠেকিয়ে দেন উজবেক গোলকিপার খালকুলোভা।

ম্যাচের শেষ দিকে উজবেকিস্তানের আক্রমণের ধারও বাড়তে থাকে। তবে জয় পেতে মরিয়া বাংলাদেশও সুযোগের অপেক্ষায় ছিল। 

শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সেই সুযোগ আসে। সুরভী রানির থ্রু বল ধরে উজবেকিস্তানের গোলকিপারকে একা পেয়ে যান রুনা আক্তার। কোনো ভুল না করে দারুণ শটে বল জালে পাঠান তিনি। 

বাছাইপর্বের আট গ্রুপের আট চ্যাম্পিয়ন দল ২০২৭ চীনে অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

LEAVE A REPLY