মান্নাত ছেড়ে কার বাড়িতে ভাড়া থাকছেন শাহরুখ খান?

সংগৃহীত ছবি

বিশ্বজোড়া খ্যাতি, আকাশছোঁয়া সাফল্য—সবকিছুর পরও বিনয়ী ব্যক্তিত্বের জন্য আলাদা করে প্রশংসিত হন বলিউড বাদশাহ শাহরুখ খান। বর্তমানে নিজের আইকনিক বাসভবন ‘মান্নাত’-এ সংস্কারকাজ চলায় তিনি অস্থায়ীভাবে মুম্বাইয়ের পালি হিলস এলাকার এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ভাড়া থাকছেন। আর সেই বাড়ির মালিক প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি।

সম্প্রতি শাহরুখকে নিয়ে কথা বলতে গিয়ে জ্যাকি ভাগনানি জানান, সুপারস্টার হওয়ার পরও শাহরুখের মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই।

তাঁর কথায়, ‘শাহরুখ স্যারের ব্যবহারকে যদি নম্বর দিতে হয়, তবে আমি দশের মধ্যে এগারো দেব। তাঁর মতো বড়মাপের মানুষ সচরাচর দেখা যায় না।’

জ্যাকি আরো বলেন, শাহরুখ যখন কারও সঙ্গে কথা বলেন, তখন তিনি এমন আন্তরিকতা দেখান যে সামনের মানুষটি নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করেন। এত বড় তারকার মধ্যে এমন সহজ-সরল আচরণ খুব কমই দেখা যায়।

তার দাবি, শাহরুখকে কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই তিনি কতটা সাধারণ জীবনযাপন করেন। তাঁর মধ্যে কোনো ধরনের ‘স্টারডম’-এর চাপ বা বাড়তি ভাব নেই।

জানা গেছে, পালি হিলসের ওই বহুতল ভবনের প্রায় চারটি ফ্লোর লিজ নিয়েছেন শাহরুখ। ডুপ্লেক্স এই অ্যাপার্টমেন্টের জন্য তাঁকে প্রতি মাসে প্রায় ২৪ লাখ রুপি ভাড়া দিতে হচ্ছে।

সেখানে পরিবারের সদস্যদের পাশাপাশি নিরাপত্তাকর্মী ও অফিস স্টাফরাও অবস্থান করছেন।

শাহরুখ খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে, যা মুক্তি পায় ২০২৩ সালের ২১ ডিসেম্বর। একই বছরে মুক্তি পাওয়া তাঁর ‘জওয়ান’ ও ‘পাঠান’ও বক্স অফিসে ঝড় তোলে।

আয়ের হিসাবে, ‘ডাঙ্কি’ বিশ্বব্যাপী প্রায় ৪৫৪ কোটি টাকা, ‘জওয়ান’ ১,১৬০ কোটি টাকা এবং ‘পাঠান’ ১,০৫৫ কোটি টাকা আয় করে।

এদিকে সামনে শাহরুখকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমায়।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে তাঁর সঙ্গে থাকছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন। এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ ও সুহানাকে। 

অন্যদিকে দীপিকার সঙ্গে এটি হবে শাহরুখের ষষ্ঠ ছবি। এর আগে তারা ‘পাঠান’, ‘জওয়ান’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘ওম শান্তি ওম’-এ জুটি বেঁধে অভিনয় করেছেন।

LEAVE A REPLY