ব্রাজিল তারকার বিশ্বকাপে খেলা অনিশ্চিত

এস্তেভাও উইলিয়ান। ছবি : রয়টার্স

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ পেল ব্রাজিল। দলের উদীয়মান তারকা এস্তেভাও উইলিয়ান গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ইংলিশ ক্লাব চেলসির হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট পান ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের ১৬ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

পরে কোচ লিয়ার রোজনিয়র (বর্তমানে বরখাস্ত) জানান, ম্যাচ শেষে ড্রেসিংরুমে আবেগাপ্লুত হয়ে পড়েন এস্তেভাও।

প্রতিবেদন অনুযায়ী, তার ইনজুরি গ্রেড-৪ হ্যামস্ট্রিং, যা থেকে দ্রুত সেরে ওঠা কঠিন। ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া ‘খুবই অনিশ্চিত’ বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে তার এমআরআই পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

চেলসির হয়ে প্রথম মৌসুমেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন এস্তেভাও। সব মিলিয়ে ৩৬ ম্যাচে করেছেন ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট। ইউরোপীয় প্রতিযোগিতাতেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি।

বর্তমানে কার্লো আনচেলত্তির অধীনে নতুনভাবে গড়ে উঠছে ব্রাজিল দল, যেখানে নেইমারের অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এস্তেভাও।

বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

LEAVE A REPLY