যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির সম্ভাবনা বাড়ছে

সংগৃহীত ছবি

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনায় সমঝোতার বড় অগ্রগতির আশা করা হচ্ছে—জানিয়েছে পাকিস্তানের সরকারি সূত্র। এ লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ রাতেই পাকিস্তানের রাজধানীতে পৌঁছানোর কথা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, এর আগে তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। উভয় পক্ষই এই যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক ঘিরে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে কথা হয়েছে।

ইসহাক দার বলেন, নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। অন্যদিকে আরাঘচি পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও আলাদা করে কথা বলেছেন।

তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

এর মধ্যে চলতি সপ্তাহের শুরুতে ইসলামাবাদে পৌঁছেছে অন্তত নয়টি যুক্তরাষ্ট্রের বিমান। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তাকর্মী এবং প্রযুক্তিগত কর্মী আনা হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY