বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নিউজিল্যান্ড

তাওহিদ হৃদয়ের দুর্দান্ত থ্রোয়ে দারুণ শুরুর পরে উইকেটের হাপিত্যেশ বাংলাদেশের। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন রিশাদ হোসেন। লেগস্পিনারের সৌজন্যে পরে ম্যাচটাও হাতের মুঠোয় নিয়েছিল বাংলাদেশ।

কিন্তু শেষটা আর দারুণ হলো কই? ফল চ্যালেঞ্জিং লক্ষ্যের মুখোমুখি লিটন দাসের দল।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে খেলতে নেমে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। জোড়া ফিফটি হাঁকিয়েছেন কেটেন ক্লার্ক ও ড্যান ক্লেভার।

ওপেনিংয়ে নেমে ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে অভিষেক ফিফটির দেখা পেয়েছেন ক্লার্ক। ক্লার্ক দলের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেললে তার ওপেনিং সঙ্গী রানের খাতাই খুলতে পারেনি।

ইনিংসের দ্বিতীয় ওভারে টিম রবিনসনকে (গোল্ডেন ডাক) রান আউট করেই বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন হৃদয়। তবে দলীয় ১১ রানে কিউইরা প্রথম উইকেট হারালেও রানের চাকা ঠিকই সচল রাখেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়েন।

তাতে দুই শ রানের দলীয় সংগ্রহই দেখছিল নিউজিল্যান্ড।

কেননা ৫১ রান করে ক্লেভার যখন রিশাদের শিকার হলেন ততক্ষণে দলীয় স্কোর ৯.৪ ওভারে ৯৯ রান। ফিরতি ওভারে ক্লার্ককেও ফেরান রিশাদ। তার সঙ্গে পরে উইকেট উদযাপনে যোগ দেন তানজিম হাসান সাকিব। অর্থাৎ, ১৮ রানে ৪ উইকেট নিয়ে তখন ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে।

তবে শেষটা ভালোই করেন নিক কেলি-জশ ক্লার্কসন।

দুজনে পঁচিশোর্ধ্ব ইনিংস খেলে ১৮২ রানের সংগ্রহ এনে দিয়েছেন। শেষ মুহূর্তে চোটের কারণে ছিটকে যাওয়া টম ল্যাথামের বদলে অধিনায়কের দায়িত্ব পাওয়া নিক কেলির ৩৯ রানের বিপরীতে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ক্লার্কসন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রিশাদ।

LEAVE A REPLY