ভূগর্ভস্থ নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে : ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে নিরাপদ পানির প্রাপ্যতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে এটি আরো জটিল হয়ে উঠছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, রাজধানী ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা শহরের পানি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, নদী ও জলাধার সংরক্ষণ এবং আধুনিক পানিশোধন প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন।

মির্জা ফখরুল বলেন, নিরাপদ পানি পাওয়ার ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য রয়েছে। শহরের নিম্নবিত্ত ও বস্তিবাসীরা তুলনামূলকভাবে বেশি সমস্যার সম্মুখীন হন, যা একটি মানবিক ও উন্নয়নগত চ্যালেঞ্জ।

এই বৈষম্য দূর করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

সেমিনারে বক্তারা পানি দূষণ রোধ, নিরাপদ পানি ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পানি ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব নয়।

LEAVE A REPLY