চিকিৎসাশাস্ত্রে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটা নিয়ে শরীরের ক্ষতি তো করলেনই, এবার পকেটও খালি করলেন রিয়ান পরাগ। আসলে দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়লেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক।
সময়টা ভালো যাচ্ছে না পরাগের।
ব্যাটে নেই রান। সঙ্গে অধিনায়কত্বের ভূমিকা নিয়েও সমালোচনার মুখে পড়েছেন। এমন কঠিন সময়ে তথাকথিত শান্তি নিতেই হতো ই-সিগারেট বা ভেপ দিয়েছিলেন টান। কিন্তু টান দিয়েই পড়লেন বিপদে।
প্রথমে ভেপে টান দেওয়া ড্রেসিংরুমের সেই ছবি ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়লেন তিনি। তাতে টনক নড়ল আইপিএল কর্তৃপক্ষের।
প্রকাশ্যে ধূমপান করায় তাই জরিমানা গুনতে হলো পরাগকে।
ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তার। শুধু জরিমানা নয়, সঙ্গে তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। আইপিএলের আচরণবিধি ২.২১ অনুচ্ছেদের আওতায় এই শাস্তি পেয়েছেন রাজস্থানের অধিনায়ক।
আইপিএলের আচরণ বিধিতেই বলা হয়েছে, নির্দিষ্ট জোন ছাড়া স্টেডিয়াম ও ড্রেসিংরুমে ধূমপান করা নিষেধ। কিন্তু ২৯ এপ্রিল রাজস্থান-পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসে ভেপে টান দেন পরাগ।
যার শাস্তি আজ পেলেন তিনি। জরিমানার টাকা যেখান থেকে দেবেন সেই মাঠের খেলায় ৯ ম্যাচে মাত্র ১১৭ রান করতে পেরেছেন ২৪ বছর বয়সী ব্যাটার।










































