বছরের শেষ দিকে দেশে ফেরার আশা সাকিবের। ছবি : কালের কণ্ঠ
সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে অনেকবারই গুঞ্জন শোনা গেছে। তবে কোনোটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এবারও দেখবে কিনা সময়ই বলবে। তবে বাংলাদেশি অলরাউন্ডারের বিশ্বাস, বছরের শেষ দিকে দেশে ফিরতে পারবেন তিনি।
ভারতের মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে দেশটির গণমাধ্যম ‘স্পোর্টস্টারকে’ সাক্ষাৎকার দেওয়ার সময় দেশে এমনটি জানিয়েছেন সাকিব। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, ‘আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে।
প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত ঘটতে পারে। তবে আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব। কিভাবে ঘটবে জানি না। তবে আমি সত্যিই আশাবাদী।
’
বিসিবির আগের বোর্ডের সঙ্গে ফেরার বিষয়ে কথা হলেও সত্যিকার অর্থে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন সাকিব। দুঃখ প্রকাশ করে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আগের বোর্ড সত্যিই আমাকে ফেরানোর ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু মুখে বলা আর সেটাকে বাস্তবায়িত করা—দুটির মধ্যে অনেক পার্থক্য থাকে। এখনো আমি শুনি যে সবাই আমাকে ফেরাতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো—সত্যিকার অর্থে কেউ তেমন কোনো উদ্যোগ নেয়নি।
’
বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ ২০২৪ সালের অক্টোবরে খেলেছেন সাকিব। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আর কখনো খেলা হয়নি ৩৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের। পরে অনেকবারই জানিয়েছেন, দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান তিনি। তবে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর তার আর দেশে ফেরা হয়নি।










































