ছবি : এএনআই
আসামের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা টানা দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন। একই সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার রাজ্যে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে। শপথ অনুষ্ঠানে আরো চারজন মন্ত্রী শপথ নেন। তাদের মধ্যে আছেন রামেশ্বর তেলি, অগপ নেতা অতুল বরা, বিপিএফ নেতা চরণ বোরো এবং অজন্তা নেওগ।
খানাপাড়া ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এবং বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনসহ এনডিএ-এর ৪০ জনেরও বেশি মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।
নির্বাচনের ফল অনুযায়ী, ১২৬ আসনের আসাম বিধানসভায় এনডিএ ১০২টি আসন পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে। এর মধ্যে বিজেপি একাই ৮২টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। জোটের শরিক অসম গণ পরিষদ (এজিপি) এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) উভয়েই ১০টি করে আসন পেয়েছে।
আসামের শীর্ষস্থানীয় রাজনীতিক ও অসম গণ পরিষদ (এজিপি)-এর সভাপতি অতুল বরা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি এনডিএ জোটের গুরুত্বপূর্ণ সহযোগী নেতা হিসেবেও পরিচিত। ২০২৬ সালের আসাম বিধানসভা নির্বাচনে তিনি বোকাখাত আসন থেকে নির্বাচিত হন। বরা ২০১৬ সাল থেকে এই আসনের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত গোলাঘাট আসনের বিধায়ক ছিলেন।
সরকারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন। এর মধ্যে রয়েছে কৃষি, উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ, পশুপালন ও পশুচিকিৎসা, নগর উন্নয়ন এবং শহর ও গ্রাম পরিকল্পনা।
তিনি সার্বানন্দ সোনোওয়াল ও হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের সময় এসব দপ্তরে দায়িত্ব পালন করেন। অতুল বরা ২০১৪ সাল থেকে এজিপির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।
এর আগে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি দলের কার্যকরী সভাপতি ছিলেন।









































