সাকিব আল হাসান।
দেশে ফেরা, চলমান মামলা ও নিরাপত্তা নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশে ফিরতে আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং অন্তত একটি বিষয়ে দ্রুত সমাধানের আশা করছেন।
দেশে ফেরার প্রক্রিয়া এখন কী অবস্থায় আছে এমন প্রশ্নে সাকিব জানিয়েছেন, বর্তমানে তার দেশে ফেরার প্রক্রিয়া খুব একটা এগোয়নি। তবে আইনজীবীদের মাধ্যমে যা যা করা সম্ভব, তা করা হচ্ছে।
তার ভাষায়, ‘কোনো অবস্থায় নেই। আমি আইনগতভাবে যা করা সম্ভব করছি।আশা করি, অন্তত একটা বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।’
নিজের বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক। সাকিবের ধারণা, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, যদিও একটি মামলার ভেতরে একাধিক মামলা যুক্ত আছে।
মামলাগুলোর অগ্রগতি নিয়ে তিনি বলেন, বিষয়গুলো তার আইনজীবীরাই দেখছেন।কিছু ক্ষেত্রে সরাসরি জামিনের সুযোগ নেই, তদন্ত শেষে রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে।
সাকিব বলেন, ‘আমার আইনজীবীরাই দেখছেন। কিছু বিষয় আছে জামিন নেওয়া সম্ভব নয়। এটা তদন্ত করে তারা রিপোর্ট দেবে যে আমি ঘটনার সঙ্গে যুক্ত আছি কি নেই। যদি না থাকি তাহলে ক্লিয়ার।আর যদি থাকি তাহলে কেস করলে তখন আমার জামিন নেওয়ার ব্যাপার—এ রকম কিছুই আমার ধারণা। আমি আসলে আইনের ভাষাটা এখনো পুরোপুরি বুঝতে পারিনি।’
তবে দেশে ফিরতে তার সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি উল্লেখ করেছেন দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তাকেও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।
তার ভাষায়, ‘দেশে তো আমি ফিরতে চাইলে এখনো ফিরতে পারব। আমি চাই মোটামুটি একটা নিরাপত্তা আর দেশত্যাগের নিষেধাজ্ঞা ওঠানো, যেটা খুবই সম্ভব। দেশত্যাগের নিষেধাজ্ঞা না ওঠানো পর্যন্ত আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এবং অবশ্যই নিরাপত্তা, এই দুইটা জিনিস আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।’
কী ধরনের নিরাপত্তা চান—এ প্রশ্নে সাকিব বলেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই তিনি স্বাভাবিক নিরাপত্তা নিশ্চয়তা চান।
তিনি বলেন, ‘স্বাভাবিক একটা নিরাপত্তা তো লাগেই। মব হতে পারে, যেকোনো সন্ত্রাসী হামলা হতে পারে, কত কিছুই তো হতে পারে। মানুষের কিছু রাগ থাকতেই পারে। বা কেউ ব্যক্তিগত শত্রুতা থেকেও কিছু করতে পারে। আমি বুঝি, গ্যারান্টি দিলেও অনেক সময় অনেক কিছু ঘটে, সেটা অন্য জিনিস। তারপরও একটা আছে না যে কেউ আশ্বাস দিয়ে বলছে, বিপদ হলে দেখবে বা অন্তত আমার একটা বলার জায়গা থাকা। এটুকু অনুরোধ তো আমার থাকতেই পারে।’
মামলার কারণে দেশে এলে গ্রেপ্তারের শঙ্কা আছে কি না—এ প্রশ্নে সাকিবের জবাব ছিল স্পষ্ট। তার মতে, বর্তমান পরিস্থিতিতে গ্রেপ্তারের ভয় দেখছেন না তিনি।
সাকিব বলেন, ‘বিষয়গুলো এখন যেখানে আছে, সেখানে গ্রেপ্তারের কোনো ভয় আছে বলে আমার মনে হয় না। দেশত্যাগের নিষেধাজ্ঞাটাই একমাত্র সমস্যা। তারপরও যদি জোর করে কেউ কিছু (গ্রেপ্তার) করতে চায়, সেখানে তো আসলে আমার কিছু করার নেই। ওটা নিয়ে চিন্তাও নেই আমার। গ্রেপ্তার হওয়াটা সমস্যা না।’











































