হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের নতুন কোচ হচ্ছেন কে? এ নিয়ে জল্পনা-কল্পনা শেষই হচ্ছে না। তবে শিগগিরই অবসান হবে বলে আজ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমিনুল বলেছেন, ‘আমরা ইতিমধ্যে বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে এবং তাদের টিমের সঙ্গে কথা বলেছি। যেহেতু কোচদের একটি শর্ট লিস্ট হয়েছে আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন নতুন কোচের নাম।’
নতুন কোচের নাম চূড়ান্ত না হলেও ৩ জনের একটা শর্ট লিস্ট নাকি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের করা তালিকায় সবচেয়ে আলোচিত নাম ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান।বাকি দুজন হচ্ছেন—বার্নড স্টর্ক ও টমাস ডুলি।
তবে গ্যারেথ বেলদের সাবেক কোচ কোলম্যানকে ডাগআউটে দেখতে বেশ আগ্রহী বাফুফে। নিজের সহকারী কোচ কিট সিমন্সকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসতে আগ্রহী কোলম্যানও। তবে মাসিক পারিশ্রমিক বেশ চেয়েছেন তিনি।জানা গেছে, দুজনের সম্ভাব্য মাসিক বেতন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা। এর মধ্যে ৩২ লাখ কোলম্যানেরই।
কোচের বেতন নিয়ে আমিনুল বলেছেন, ‘আমাদের সীমাবদ্ধতা রয়েছে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন সম্ভব নয়। তবে যে কোচ আসুক না কেন, তাকে একটি নির্ধারিত সময় দেওয়া উচিত।আমরা সব বিষয় নিয়ে আলোচনা করছি, একটু অপেক্ষা করেন, আপনারা কাঙ্ক্ষিত ফল জানতে পারবেন।’











































