বিশ্বকাপ ভিসা ইস্যুতে আমাদের বোকা বানানো হয়েছে : দ. আফ্রিকার ক্রীড়ামন্ত্রী

২৯ মে নিকারাগুয়ার সঙ্গে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটিতে পেনাল্টি মিস করে ড্র করে দ. আফ্রিকা। ছবি : রয়টার্স

বিশ্বকাপ ফুটবল খেলতে মেক্সিকো যাওয়ার প্রাক্কালে দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলের ভিসা জটিলতা এবং আকস্মিক ভ্রমণ বিলম্বের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী গায়টন ম্যাকেঞ্জি। এই প্রশাসনিক ব্যর্থতার কারণে বিশ্বমঞ্চে দক্ষিণ আফ্রিকাকে ‘বোকা’ বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

এই চরম অব্যবস্থাপনার জন্য দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের (সাফা) কাছে কৈফিয়ত চেয়ে ম্যাকেঞ্জি বলেন, ‘এই বিশৃঙ্খলার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে।’

দক্ষিণ আফ্রিকার জাতীয় সম্প্রচার মাধ্যম ‘এসএবিসি’ পুরো ঘটনাটিকে একটি ‘প্রশাসনিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছে।

এর আগে রবিবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি লিখেছিলেন, ‘সাফার এই ভ্রমণ ও ভিসা সংক্রান্ত জটিলতা অত্যন্ত লজ্জাজনক এবং এটি খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতি চরম অন্যায়।’

অবশ্য রবিবার গভীর রাতে ক্রীড়ামন্ত্রী নিশ্চিত করেছেন, সরকারের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহায়তায় খেলোয়াড়দের ভিসা সমস্যার সমাধান হয়েছে।সোমবার একটি চার্টার্ড ফ্লাইটে পুরো দল মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হবে। তবে খেলোয়াড়দের ভিসা মিললেও দলের সহকারী কোচ, টিম ডক্টর, নিরাপত্তা প্রধান এবং একজন অ্যানালিস্টের ভিসা এখনো নিশ্চিত করা যায়নি বলে তিনি জানান।

বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা

‘বাফানা বাফানা’ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা ফুটবল দলটির আগামী শুক্রবার মেক্সিকোতে জ্যামাইকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর আগামী ১১ জুন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ মিশন শুরু করবে।উল্লেখ্য, ২০২৬ সালের এই বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ৪৮ দলের এই বর্ধিত বিশ্বকাপে আফ্রিকা মহাদেশ থেকে অংশ নেওয়া ১০টি দেশের একটি দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করার পর এই প্রথম বাফানা বাফানা বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা অর্জন করল।

তবে মাঠের পারফরম্যান্স এবং মাঠের বাইরের এই প্রশাসনিক জটিলতা—সব মিলিয়ে বেশ চাপে রয়েছে দলটি। গত শুক্রবার ঘরের মাঠে নিকারাগুয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটিতে পেনাল্টি মিস করে ০-০ গোলে ড্র করে দক্ষিণ আফ্রিকা, যা তাদের টানা ৪ ম্যাচে জয়হীন থাকার রেকর্ড এনে দিয়েছে।

LEAVE A REPLY