কুরাসাওকে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু জার্মানির। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওয়ের মুখোমুখি হচ্ছে জার্মানি। টেক্সাসের হিউস্টনে আজ রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে গ্রুপ ‘ই’-এর শক্তিশালী দল জার্মানি স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামবে।
জুলিয়ান নাগেলসমানের দল বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছে। প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ড ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে আত্মবিশ্বাসী জার্মানরা। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে কোনো ম্যাচে হারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে সাম্প্রতিক দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হওয়ায় জার্মান শিবিরে চাপও রয়েছে।তাই শিরোপার স্বপ্ন দেখার আগে নকআউট পর্ব নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
অন্যদিকে, রূপকথার গল্প লিখে প্রথমবারের মতো অংশ নেওয়া কুরাসাও নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে খেলতে যাচ্ছে। ফিফা র্যাঙ্কিংয়ের ৮২ নম্বরে থাকা দলটি টুর্নামেন্টের আগে কোচ পরিবর্তনের ধাক্কা সামলেও শেষ প্রস্তুতি ম্যাচে আরুবাকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে।
জার্মানির জন্য বড় সুখবর, চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়্যার।যদিও তার ফিটনেস নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, তবু প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনাই বেশি।
কুরাসাও শিবিরেও রয়েছে স্বস্তি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন স্ট্রাইকার ইয়ুর্গেন লোকাদিয়া। তাহিথ চং, লিয়ান্দ্রো বাকুনা ও রিচেডলি বাজারের মতো অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে প্রতিপক্ষকে চমকে দেওয়ার আশা করছে দলটি।
শক্তি, অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ম্যাচটিতে জার্মানিই এগিয়ে।বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত ইউরোপীয় পরাশক্তির সামনে কুরাসাও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। সবকিছু স্বাভাবিক থাকলে জার্মানির সহজ জয়ই প্রত্যাশা করছেন ফুটবল বিশ্লেষকরা।











































