বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার হাজির হচ্ছেন একেবারে নতুন ভূমিকায়। ফুটবল মাঠের পরিচিত মুখ এবার অভিনয় জগতে পা রাখলেন।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ নামের একটি সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
সোমবার (১৫ জুন) রাজধানীর কলাবাগানের একটি মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। বিশ্বকাপ উপলক্ষে সিরিজটি নির্মাণ করছেন তারিক মুহাম্মাদ।
‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা ও লামিমা লাম।
বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা থাকলেও এটিই তাঁর প্রথম অভিনয়।
অভিনয় প্রসঙ্গে জামাল ভূইয়া বলেন, ‘শুরুতে না করেছি, বলেছি পারব না। এরপরও পরিচালক বারবার চেষ্টা করেছেন। চার বছর আগেও একবার করতে চেয়েছিলেন।
কিন্তু ওই সময়ে আমার সময় ছিল না। এবার আবার তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। আমাকে কনভিন্স করেছেন, সাহসও দিয়েছেন। আমাকে বলেছেন, আমিনুল ভাই, আশরাফুল ভাইকে নিয়ে কাজ করেছেন- এসব শুনে একটু আশ্বস্ত হয়েছি। পরিচালকের আগের কাজগুলো দেখেছি।
পরে আশরাফুল ভাইয়ের সঙ্গে আলাপ করেছি- তিনি বলেছেন, করেন করেন। আমিও ভাবলাম, দেখি চেষ্টা করে।’
অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে শুটিংয়ের পুরো ব্যাপারটা ম্যাজিক্যাল মনে হচ্ছে। বিজ্ঞাপনচিত্রে কাজ করছি, সেটা আলাদা। কিন্তু অভিনয়ের ব্যাপারটা একেবারে অন্য রকম, সহজ নয়। নাটকে যাদের সঙ্গে অভিনয় করছি, তারা সবাই পেশাদার। এরপরও অভিনয়টা উপভোগ করছি, কিন্তু একটু মুশকিলই মনে হচ্ছে।’
কলাবাগানের মাঠের সঙ্গে নিজের আবেগের সম্পর্কের কথাও জানান জাতীয় দলের এই অধিনায়ক। তাঁর কথায়, ‘এই মাঠে ক্যারিয়ার শুরু করেছি। সেই মাঠেই এখন শুটিং করছি।’
৮ পর্বের এই সিরিজে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ। আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘ব্রাজেন্টিনা’ প্রচার হবার কথা রয়েছে।










































