কবে আসছে ‘ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন?

বলিউডের অন্দরমহলের অজানা গল্প, তারকাদের গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতা এবং ইন্ডাস্ট্রির নানা দিক তুলে ধরে দর্শকদের দারুণ সাড়া পেয়েছিল ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। প্রথম সিজনের সাফল্যের পর এবার দ্বিতীয় সিজন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজটির দ্বিতীয় সিজনের কাজ ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আবারও পরিচালকের দায়িত্বে ফিরতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সূত্রের দাবি, দ্বিতীয় সিজনের জন্য সম্পূর্ণ নতুন গল্প নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

প্রথম সিজনের ধারাবাহিকতা বজায় রাখলেও নতুন প্লট ও ভিন্ন উপস্থাপনায় দর্শকদের সামনে আসতে চান নির্মাতারা। 

বর্তমানে চিত্রনাট্যকার বিলাল সিদ্দিকি মৌলিক গল্প ও স্ক্রিপ্ট তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হতে পারে।

প্রথম সিজনের তুলনায় আরও বড় পরিসরে এবং নতুন চমক নিয়ে সিরিজটি নির্মাণের লক্ষ্য রয়েছে বলে জানা গেছে।

আর সেই কারণেই চিত্রনাট্য তৈরিতে সময় নিচ্ছেন নির্মাতারা।

দ্বিতীয় সিজন নিয়ে জল্পনা আরও উসকে দিয়েছেন সিরিজের অভিনেতা রজত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম সিজন তো শুধুমাত্র একটা ঝলক ছিল। জারাজ চরিত্রের এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে। দ্বিতীয় সিজন আসবে, কাজ চলছে।

আমি আশা করছি দর্শক দ্বিতীয় সিজনে আমার আরও শক্তিশালী উপস্থিতি দেখতে পাবেন।’

যদিও এখন পর্যন্ত নেটফ্লিক্স কিংবা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে দ্বিতীয় সিজনের মুক্তির সময় বা নির্মাণ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

তবু বিভিন্ন সূত্রের তথ্য এবং সংশ্লিষ্টদের মন্তব্যে স্পষ্ট, ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর নতুন সিজন নিয়ে কাজ চলছে। ফলে দর্শকদের অপেক্ষাও দিন দিন আরও বাড়ছে।

LEAVE A REPLY