ছবি : ইনস্টাগ্রাম ভিডিও থেকে নেওয়া
এবারের কারওয়া চৌথ উদ্যাপনটা ছিল একটু অন্য রকম। বাড়িতে নয়, ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়োজাহাজের ভেতরেই স্বামী রাঘব চাড্ডার সঙ্গে বিশেষ এই দিনটি পালন করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে পরিণীতি জানান, বিমানের বিলম্বের কারণে বাড়ির বদলে উড়োজাহাজ থেকেই চাঁদ দেখার সুযোগ হয় তাদের। তাই সেখানেই পূজা করার সিদ্ধান্ত নেন তারা। বিমানের জানালা দিয়ে চাঁদ দেখার পর রাঘব তাকে পানি পান করিয়ে উপবাস ভাঙতে সাহায্য করেন।
ভিডিওর ক্যাপশনে পরিণীতি লেখেন, ‘আমরা যেখানেই থাকি, সেখানেই কারওয়া চৌথ।এমনকি ৩৫ হাজার ফুট উচ্চতাতেও।’ স্বামীকে উদ্দেশ করে তিনি আরো লেখেন, রাঘব তার সব স্বপ্ন পূরণ করেন। তার চোখে রাঘব সেরা মানুষ, সেরা সঙ্গী।
পরিণীতির এই পোস্টে মন্তব্য করেছেন রাঘবও।ভালোবাসার ইমোজি দিয়ে স্ত্রীর পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
মজার বিষয় হলো, পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়ারও কারওয়া চৌথ উদ্যাপনের এমন অভিজ্ঞতা রয়েছে। ২০২৫ সালে ‘দ্য কাপিল শার্মা শো’-তে হাজির হয়ে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, একবার মেঘের কারণে আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না। তখন স্বামী নিক জোনাস তাকে নিজের বিমানে করে মেঘের ওপরে নিয়ে যান। সেখানেই উপবাস ভাঙেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে দিল্লিতে বিয়ে করেন পরিণীতি ও রাঘব। ২০২৫ সালের ১৯ অক্টোবর তাদের ঘরে আসে প্রথম সন্তান, ছেলে নীর।









































