তাকেফুসা কুবো। ছবি : রয়টার্স
বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। তবে ম্যাচটির আগে বড় দুঃসংবাদ পেয়েছে সামুরাই ব্লুরা।হাঁটুর চোটের কারণে দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবোকে পাচ্ছে না জাপান।
সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু। তিনি জানান, কুবো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, তাই ব্রাজিলের বিপক্ষে তাকে মাঠে নামানো হবে না।
বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে গিয়ে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী এই উইঙ্গার।এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও মাঠের বাইরে ছিলেন তিনি। রোববার দলের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেলেও নকআউট ম্যাচের জন্য তাকে ঝুঁকি নিতে চায় না জাপান।
মরিয়াসু বলেন, ‘কুবো এখনো ব্যক্তিগতভাবে দৌড় ও ফিটনেস অনুশীলন করছে। তাই ব্রাজিলের বিপক্ষে সে খেলতে পারবে না।আমরা সবাই চাই সে দ্রুত সুস্থ হয়ে ফিরুক।’
কুবোকে ছাড়াই গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে জাপান। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন মরিয়াসু।
তিনি বলেন, ‘ব্রাজিল সবসময়ই শিরোপার অন্যতম দাবিদার। অনেকেই আমাদের আন্ডারডগ বলবে।কিন্তু আমরা ভয় পাচ্ছি না। গত বছরও কেউ আমাদের জয়ের সম্ভাবনা দেখেনি, তবু আমরা তাদের হারিয়েছিলাম। এবারও ইতিহাস বদলানোর বিশ্বাস নিয়েই মাঠে নামব।’








































