ইতিহাস গড়ে ভারতের অনাহাত সিংয়ের বিশ্বজয়

বিশ্ব স্কোয়াশের আঙিনায় নতুন এক ইতিহাস লিখলেন ভারতের তরুণ স্কোয়াশ তারকা অনাহাত সিং। কানাডার নায়াগ্রা-অন-দ্য-লেকে অনুষ্ঠিত ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের নারী একক ফাইনালে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছেন এই ১৮ বছর বয়সী তরুণী।এর মাধ্যমে ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে স্কোয়াশে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

টুর্নামেন্টের শীর্ষ বাছাই অনাহাত ফাইনালে সরাসরি গেমের লড়াইতে উড়িয়ে দেন মিসরের দ্বিতীয় বাছাই রুকায়া সালেমকে। ম্যাচের ফল ছিল ১১-৩, ১১-৭, ১১-৯। এই অভাবনীয় জয়ের মধ্য দিয়ে জুনিয়র বিশ্ব স্কোয়াশে মিসরের টানা ১৫ বছরের একচ্ছত্র আধিপত্যেরও অবসান ঘটালেন তিনি।২০১০ সালে যুক্তরাষ্ট্রের আমান্ডা সোবির পর অনাহাতই প্রথম অ-মিসরীয় খেলোয়াড়, যিনি মেয়েদের জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতলেন।

ভারতীয় স্কোয়াশের জন্য এই ট্রফি জয় এক ঐতিহাসিক মাইলফলক। এর আগে ২০০৫ সালে ভারতীয় তারকা জশনা চিনাপ্পা টুর্নামেন্টের রানার্সআপ হয়েছিলেন। ২১ বছরের সেই আক্ষেপ দূর করে অনাহাত শুধু ফাইনালই নিশ্চিত করেননি, শিরোপা জিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন।

পুরো টুর্নামেন্টজুড়েই শীর্ষ বাছাইয়ের যোগ্য মর্যাদা দিয়েছেন অনাহাত। কোয়ার্টার ফাইনালে মিসরের হাবিব রিজককে হারানোর পর সেমিফাইনালে আরেক মিসরীয় খেলোয়াড় বার্ব সামেহকে ৩-১ গেমে পরাজিত করে ফাইনালে পা রাখেন তিনি।

ইতিমধ্যেই ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ের শীর্ষ ২০-এ জায়গা করে নেওয়া অনাহাত জিতেছেন একাধিক পিএসএ খেতাব। এশিয়ান গেমসে পদক জয়ের পর এবার জুনিয়র ওয়ার্ল্ড টাইটেল ঝুলিতে পুরে নিজেকে বৈশ্বিক স্কোয়াশের সবচেয়ে সম্ভাবনাময় তারা হিসেবে জানান দিলেন। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রথমবারের মতো স্কোয়াশ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, আর ঠিক তার আগেই অনাহাতের এই অবিস্মরণীয় জয় ভারতীয় ক্রীড়াঙ্গনে বড় স্বপ্নের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

LEAVE A REPLY