জার্মানির রাজধানী বার্লিনে একটি বিশাল ‘প্রাইড’ সমাবেশের কাছে ভিড়ের মধ্যে মিনিভ্যান তুলে দিয়ে ১ জনকে হত্যা ও ২৯ জনকে আহত করার ঘটনায় জড়িত এক ইসলামপন্থিকে ধরতে দেশজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) ঘটনাস্থলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট বলেন, আমরা এখানে যা দেখছি, তার সবকিছুই নির্দেশ করে যে আমরা একটি ইসলামপন্থি সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছি।
তিনি জানান, দ্রতগতির ভ্যানটি ফুটপাতে উঠে পড়ে পথচারীদের চাপা দেয়।
ইউরোপের অন্যতম বৃহৎ বার্ষিক এলজিবিটিকিউ প্রাইড অনুষ্ঠান ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উদযাপনের স্থান থেকে সামান্য দূরে ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে স্থানীয় সময় রাত প্রায় ১০টায় এই হামলার ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী ডোব্রিন্ডট জানান, অভিযুক্ত ব্যক্তি এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড, উগ্রবাদ এবং ইসলামপন্থি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছিল। তিনি ২০০৫ সালে জার্মানিতে জন্মগ্রহণকারী লেবানিজ বংশোদ্ভূত একজন জার্মান নাগরিক।
স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বার্লিনের মেয়র কাই ওয়েগনার বলেন, এই ঘটনাটি সম্ভবত আমাদের পারস্পরিক সহাবস্থান, উদার গণতান্ত্রিক ব্যবস্থা, উন্মুক্ততা এবং স্বাধীনতার ওপর এক ইসলামপন্থি সন্ত্রাসী হামলা।
বার্লিন পুলিশ সন্দেহভাজনকে ২১ বছর বয়সি ‘আবদুল বি’ বলে শনাক্ত করেছে এবং তার ছবি প্রকাশ করে সাধারণ মানুষের কাছে তার অবস্থান সম্পর্কিত তথ্য চেয়েছে। তার শারীরিক বর্ণনায় বলা হয়েছে—তিনি ছিপছিপে স্বাস্থ্যের, উচ্চতা প্রায় ৬ ফুট ২ ইঞ্চি, চুল কালো এবং সর্বশেষ তার পরনে ছিল একটি কালো হুডি ও সাদা ট্রাউজার।
তবে সাধারণ মানুষকে তার মুখোমুখি না হওয়ার বিষয়ে সতর্ক করে পুলিশ জানিয়েছে, সে সম্ভবত সশস্ত্র এবং অত্যন্ত বিপজ্জনক।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি মাত্র দুই মাস আগে কিশোর অপরাধ সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছিল। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার কাছে সে আগে থেকেই পরিচিত ছিল এবং তাকে ‘সম্ভাব্য বিপজ্জনক ব্যক্তি’ হিসেবে তালিকাভুক্ত করে নজরদারিতে রাখা হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গাড়ি দিয়ে লোকজনকে পিষে ফেলার পর হামলাকারী ধারালো অস্ত্র (সম্ভবত রামদা বা মাচেতে) দিয়েও কয়েকজনকে আঘাত করে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
হামলাকারী একা ছিল কিনা- তা এখনো স্পষ্ট নয়, কারণ ভ্যানটি থেকে একাধিক ব্যক্তি নেমে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বার্লিনের সম্প্রচারমাধ্যম আরবিবি জানিয়েছে, গাড়িতে থাকা এক ইরানি নাগরিককে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে রয়টার্স টিভির ফুটেজে দেখা গেছে, একটি দুমড়েমুচড়ে যাওয়া সাদা রঙের মিনিভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে আটকে আছে। জার্মানির দৈনিক পত্রিকা ‘বিল্ড’ জানিয়েছে, ভ্যানটি মূলত একটি পণ্য সরবরাহের গাড়ি, যা আবদুল বি ভাড়া নিয়েছিল। দেশটির গণমাধ্যমগুলো জানায়, পুলিশ সন্দেহভাজনের বার্লিনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে।
সূত্র: আলজাজিরা










































