চর দখল নিয়ে গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধে নিহত ১

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় মেঘনা উপজেলার এক নারী গলায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম।

নিহত কোহিনুর (৪৫) মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামের মো.কাবিল মিয়ার স্ত্রী।

রোববার (২৬ জুলাই) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালিয়া নদীর দক্ষিণ পাড়ে এবং নতুন ভাটেরারচর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশে একটি চর দখল নিয়ে মেঘনার চরবিনোদপুর ও তিতাসে নতুন ভাটেরারচর গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে টেঁটাযুদ্ধ, লুটপাট ও ভাঙচুরে ঘটনা ঘটছে। এর জেরে রোববার বিকালে মেঘনা উপজেলার চরবিনোদপুর ও আলীপুর গ্রামবাসী দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নৌকাযোগে তিতাসের নতুন ভাটেরারচর গ্রামে ঢুকে লুটপাট ও ভাঙচুর চালায়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে এক নারী গলায় টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। তবে নতুন ভাটেরারচর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। তিতাস ও মেঘনা থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।

LEAVE A REPLY