পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিএইচডি শিক্ষার্থীর মৃত্যু

সংগৃহীত ছবি

ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পিএইচডি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।তারা বিদ্যুৎ রক্ষণাবেক্ষণে দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, নিহত জ্যোতি হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের পিএইচডি গবেষক ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে হোস্টেল থেকে নিজেরে বিভাগে যাওয়ার সময় তুমুল বৃষ্টি শুরু হয়। এতে কিছুক্ষণের মধ্যেই মূল সড়কে পানি জমে থাকায় জ্যোতি বিকল্প হিসেবে একটি কাঁচা পথ ব্যবহার করেন।এ সময় পাশের একটি বৈদ্যুতিক জংশন বক্স থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেই বিদ্যুৎ প্রবাহের সংস্পর্শে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক রেনু ভিগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।তারা ক্যাম্পাসের বৈদ্যুতিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জ্যোতির পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান।

মঙ্গলবার গভীর রাতে জ্যোতির পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৬ লাখ রুপি আর্থিক সহায়তা এবং তার ভাইকে চাকরি দেওয়ার ঘোষণা দেয়।

কর্তৃপক্ষ জানায়, জ্যোতির ভাই উচ্চমাধ্যমিক পাস এবং বৈদ্যুতিক বিষয়ে আইটিআই ডিগ্রিধারী। পাঞ্জাব সরকারের প্রচলিত বিধি অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিশিয়ান পদে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। জ্যোতির বাবা একজন কৃষক।পাশাপাশি তিনি হরিয়ানার একটি বেসরকারি বিদ্যালয়ে গাড়িচালক হিসেবে কাজ করেন। 

এ ঘটনায় পুলিশ একটি মামলা (এফআইআর) দায়ের করেছে এবং মৃত্যুর কারণ ও দায় নির্ধারণে তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY