স্টারলিঙ্ক ব্যবহারে মাস্ককে রাজি করাতে ট্রাম্পের কাছে জেলেনস্কির আবদার

ছবি : রয়টার্স

রাশিয়ার ভেতরে আরো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে স্টারলিঙ্কের সাহায্য প্রয়োজন। তবে ইউক্রেনের ভেতরে, এমনকি রাশিয়ার দখল করে নেয়া ভুমিতেও স্টারলিঙ্ক ব্যবহারের সুযোগ থাকলেও রাশিয়ার ভেতরে এর ব্যবহার সীমিত করা আছে।রাশিয়ার ভেতরেও যাতে স্টারলিঙ্ক ব্যবহার করতে পারেন, সেজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আবদার, ট্রাম্প যেন বলে স্টারলিঙ্কের মালিক ইলন মাস্ককে রাজি করিয়ে দেন। একই আবদার তিনি মার্কিন আইনপ্রণেতাদের কাছেও করেছেন।

তবে ট্রাম্প বা আইনপ্রণেতাদের কেউই জেলেনস্কির এই অনুরোধে কোনো প্রতিশ্রুতি দেননি।জেলেনস্কি বেশ কয়েক সপ্তাহ ধরে মার্কিন কর্মকর্তাদের কাছে স্টারলিংকের এই বাড়তি ব্যবহারের পক্ষে যুক্তি তুলে ধরছেন। তবে জেলেনস্কির এই অনুরোধের বিষয়ে হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস বা স্টারলিংকের মালিকানা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

গত সপ্তাহে স্বল্পকালীন ওয়াশিংটন সফরে জেলেনস্কি হোয়াউট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের সাথে বৈঠক করেন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভায় যোগ দিতে জেলেনস্কি ওয়াশিংটন সফর করেন।বৈঠকে উপস্থিত সূত্রগুলো জেলেনস্কির এই অনুরোধের কথা জানিয়েছেন।   

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গত জুন মাস থেকে নতুন তীব্রতায় চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধে রাজি করাতে গত মাসে জেলেনস্কি রাশিয়ার ভেতরে ব্যাপক ড্রোন হামলা শুরু করেন। জবাবে রাশিয়াও অনবরত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে দিশেহারা অবস্থা হয় জেলেনস্কির। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে চাহিদা বাড়লেও মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ কমে গেছে।ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র আর আগের মত প্যাট্রিয়ট দিতে পারছে না ইউক্রেনকে। সম্প্রতি তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে ট্রাম্প গত শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা এটি (প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স) নিয়ে কথা বলছি। তবে এই ধরণের প্রযুক্তি অন্য কাউকে দিয়ে দেওয়া বেশ কঠিন একটি বিষয়।’ প্যাট্রিয়টের ব্যবহার কমিয়ে আনার উপায় হিসেবেই রাশিয়ার ভেতরে আরো সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে স্টারলিঙ্ক ব্যবহারের সুযোগ চান জেলেনস্কি।

তবে রাশিয়ার ভেতরে স্টারলিঙ্ক ব্যবহার স্পেসএক্স’এর সিইও ইলন মাস্কের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। গত ডিসেম্বরে প্রকাশিত গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়া একটি নতুন অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্র তৈরি করছে। এই অস্ত্রটির লক্ষ্য হলো কক্ষপথে ধ্বংসাত্মক শ্র্যাপনেল (ছররা বা বুলেটের টুকরো) ছড়িয়ে দিয়ে মাস্কের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ককে ধ্বংস করা। যুদ্ধের শুরু থেকেই রাশিয়া স্টারলিঙ্ককে মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করছে। যুদ্ধে ইউক্রেনের টিকে থাকার লড়াইয়ে এই লো-অরবিট স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাশিয়ার ভেতরে স্টারলিঙ্ক ব্যবহারের অনুমতি পেলে ইউক্রেন যুদ্ধে আরো সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সেটা পুতিনকে স্টারলিঙ্কের ব্যাপারে আরো ক্ষিপ্ত করে তুলতে পারে। ইলন মাস্ক সহজে এমন ঝুঁকি নেবেন বলে মনে হয় না।

মার্কিন সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য এবং সাউথ ডাকোটার রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস বলেন, ‘তাদের (ইউক্রেন) দূরপাল্লার ও মধ্যম পাল্লার অস্ত্র ব্যবস্থাগুলোকে আরো নির্ভুল করার জন্য দীর্ঘমেয়াদে স্টারলিংক ব্যবহারের সুযোগ প্রয়োজন। তারা সাধারণ কোনো এলাকায় নয়, বরং একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চায়। তিনি (জেলেনস্কি) বিষয়টি বেশ স্পষ্ট করেই বুঝিয়েছেন।’ তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া মার্কিন আইনপ্রণেতাদের প্রতিনিধি দলের সদস্য রাউন্ডস জানান, জেলেনস্কি ইউক্রেনের জন্য আরো বেশি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং পূর্বে আলোচিত লাইসেন্সিং চুক্তির কথা পুনর্ব্যক্ত করেছেন, যাতে ইউক্রেন নিজেরাই এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা শুরু করতে পারে। তবে প্যাট্রিয়ট বানানোর লাইসেন্সের অনুমতি থেকে ডোনাল্ড ট্রাম্প কিছুটা পিছিয়ে আসার ঘটনা জেলেনস্কির কপালের চিন্তার ভাজ আরো বাড়িয়েছে। 

যুদ্ধে আরো বেশি মার্কিন সহায়তা পেতে জেলেনস্কি বরাবরই ইউক্রেন যুদ্ধ ইরান যুদ্ধের সাথে সম্পর্কিত, এমনটি প্রমাণের চেষ্টা করেন। মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে, তেহরান ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের মতে, অতি সম্প্রতি রাশিয়া ইরানের কাছে ড্রোন পাঠানোর প্রস্তুতি নিয়েছে, যার মধ্যে ইউক্রেন আক্রমণের পর তেহরান মস্কোকে যে প্রযুক্তি সরবরাহ করেছিল তার উন্নত সংস্করণও রয়েছে। এই সপ্তাহে ওয়াশিংটন সফরের আগে জেলেনস্কি বলেছিলেন যে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন কিছু প্রমাণ শেয়ার করবেন, যা দেখায় যে রাশিয়া স্যাটেলাইট নজরদারির মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাতে ইরানকে সহায়তা করছে।

জেলেনস্কি ট্রাম্প প্রশাসনের কাছে এই যুক্তিও তুলে ধরছেন যে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় মিত্রদের অবকাঠামোতে ইরানের ড্রোন হামলা মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করার জন্য তার দেশ বেশ ভালো অবস্থানে রয়েছে।

LEAVE A REPLY