ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাতজন।পরে বন্দুকধারী নিজের গুলিতেই প্রাণ হারান। সিবিএস নিউজের বরাত দিয়ে স্থানীয় কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টুইন ফলস শহরের পুলিশ প্রধান ম্যাথিউ হিকস রবিবার জানান, হামলাকারী নিজের গুলিতেই মারা গেছেন। তার নাম চ্যাড উইলিয়ামস।তার বয়স ২৪ বছর। পুলিশ প্রধান জানান, ঠিক কি কারণে এই হামলা চালানো হয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই তদন্তে পুলিশকে সাহায্য করছেন হামলাকারীর স্বজনরা। সিবিএস নিউজ জানায়, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার কিছু আগে এ ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শুনে দোকানের পার্কিং এলাকা থেকে মানুষজন পালিয়ে যাচ্ছেন।
ভিডিওতে আরো দেখা যায়, অস্ত্রের মতো দেখতে একটি জিনিস হাতে এক ব্যক্তি ঘুরে বেড়াচ্ছেন। তিনি একটি দাঁড়িয়ে থাকা গাড়ির দরজা খুলছেন। রবিবার সাংবাদিকদের হিকস বলেন, ‘উদ্ধারকারীরা এসে খুব ভয়াবহ এক পরিস্থিতি দেখতে পান। একজন পুলিশ কর্মকর্তা তার কর্মজীবনে এমন বিশৃঙ্খল পরিস্থিতি খুব কমই দেখেন।’ পুলিশ প্রধান জানান, ডিউটিতে না থাকা এক পুলিশ কর্মকর্তা এবং এক সাধারণ নাগরিক উইলিয়ামসকে বাধা দেন। সে সময় হামলাকারীর সঙ্গে তাদের গোলাগুলি হয়।
হিকস বলেন, ‘আমাদের ধারণা, তাদের এই প্রতিরোধের কারণেই হামলাকারী সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। ফলে আরো অনেকের জীবন বেঁচে যায়।’ হিকস আরো জানান, আহতদের দুজন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে দুজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। বাকি তিনজন আশঙ্কামুক্ত আছেন। ইন্-অ্যান-আউট নামক সেই রেস্তোরাঁর প্রেসিডেন্ট লিনসি স্নাইডার এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে তাদের একজন নারী কর্মীও আছেন। তবে তিনি ওই নারীর নাম-পরিচয় প্রকাশ করেননি। স্নাইডার জানান, হামলা শুরুর মুহূর্তে ওই কর্মী গ্রাহকদের সেবা দিচ্ছিলেন।
সিবিএস নিউজকে এফবিআইয়ের এক মুখপাত্র জানান, স্থানীয় পুলিশকে প্রাথমিক তদন্তে সাহায্য করতে তাদের এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হামলায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন লিনসি স্নাইডার। তিনি বলেন, এই সহিংসতার শিকার এবং মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী সবার প্রতি তিনি সহানুভূতি জানাচ্ছেন। স্নাইডার বলেন, ‘আমরা সবাই একসঙ্গে দাঁড়াব। এই ঘটনা থেকে শিক্ষা নিতে আমরা সব ধরনের চেষ্টা করব।’ উল্লেখ্য যে, টুইন ফলস শহরটি আইডাহোর দক্ষিণ অঞ্চলে অবস্থিত। রাজ্য রাজধানী বোয়েসি থেকে এটি দক্ষিণ-পূর্বে প্রায় ১২০ মাইল দূরে।











































