পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলায় বিধানসভার বাইরে প্রতিবাদ করে একাংশ। সোমবার এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন মমতা ঘনিষ্ঠ কুণাল ঘোষ।সঙ্গে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, অশোক দেবরা। তাদের সঙ্গে যোগ দেন ঋতব্রত শিবিরের ৩ বিধায়ক।
তারা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার, মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল খালেক মোল্লা ও বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মহম্মদ তৌসিফুর রহমান।
এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, এই প্রতিবাদে যোগ দিয়ে বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক বলেন, ‘দিদি যেখানে, তৌসিফুর রহমান সেখানে।মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া ১০টা ভোটও পাব না। এটাই রিয়েল সিচুয়েশন।’
হালিশহরের এক তৃণমূল কর্মীকে লকআপে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। সেই কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল রবিবার হালিশহর গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা।সেখানেই মমতার গাড়িতে পাথর, কাদা ছোড়া হয়।











































