বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে সরকারের পাশে বিশ্বব্যাংক

সংগৃহীত ছবি

বিদেশফেরত অভিবাসীকর্মীদের পুনরেকত্রীকরণ ও সুরক্ষায় বাংলাদেশ সরকারের পাশে দাঁড়াচ্ছে বিশ্বব্যাংক। সরকারের ‘রেইজ’ প্রকল্পের আওতায় প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনে চার বছরের জন্য ৮০ থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনে অনুষ্ঠিত ‘অধিকারভিত্তিক শ্রম অভিবাসন সুশাসন ও সমন্বিত অ্যাডভোকেসি’ শীর্ষক এক জাতীয় সম্মেলনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মাহবুব উল করিম এ তথ্য নিশ্চিত করেন।

সম্মেলনে জানানো হয়, প্রবাসীদের সার্বিক সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছরের জানুয়ারি মাস থেকে বিদেশ থেকে ফিরে আসা বৈধ কর্মীদের তথ্য ও তালিকা সংগ্রহের কাজ শুরু করেছে সরকার।

বিদেশে বাংলাদেশি কর্মীদের নানামুখী সংকটের কথা উল্লেখ করে মাহবুব উল করিম বলেন, ‘কারিগরি দক্ষতার অভাবে অনেক অদক্ষ কর্মী মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নানা জটিলতায় পড়ছেন। সাম্প্রতিক তথ্যানুযায়ী, সংযুক্ত আরব আমিরাতেই প্রায় সাড় ৫ হাজার কর্মীর ভিসা বাতিল হয়েছে।’ এই পরিস্থিতি মোকাবেলায় প্রবাসে গমনের পূর্বেই কর্মীদের কারিগরি প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

সম্মেলনে উপস্থিত বক্তারা অভিবাসন ব্যবস্থাকে আরো নিরাপদ, ন্যায্য ও অধিকারভিত্তিক করার জোর দাবি জানান। এ লক্ষ্যে ট্রেড ইউনিয়ন এবং সুশীল সমাজের সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।আরো পড়ুন

উক্ত জাতীয় সম্মেলনে সুশীল সমাজ, ট্রেড ইউনিয়ন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় শ্রমিক ফেডারেশন, শিল্প ও নিয়োগকর্তা সংগঠন, অভিবাসী কর্মীদের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

LEAVE A REPLY