দীর্ঘদিনের চেনা আঙিনাকে বিদায় জানিয়ে নতুন ঠিকানায় থিতু হতে পারেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। লেস্টার সিটির এই তারকাকে নিজেদের ডেরায় ভেড়াতে জোর তৎপরতা শুরু করেছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি।
ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর নির্ভরযোগ্য দলবদল বিষয়ক প্রতিবেদক মাইক ম্যাকগ্রা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত মাঝমাঠের শক্তি বহুগুণ বাড়াতে হামজার ওপর চোখ পড়েছে ডার্বির, যারা গত মৌসুমে ইংলিশ ফুটবল লিগের দ্বিতীয় স্তর ‘চ্যাম্পিয়নশিপ’-এ অষ্টম স্থানে থেকে অভিযান শেষ করেছিল।
তবে এখনই এটিকে ‘পাকা কথা’ বলা যাচ্ছে না। কারণ দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি বা প্রস্তাব তৈরি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডারকে ডার্বি স্থায়ী চুক্তিতে নেবে নাকি কেবল ধারে প্রস্তাব দেবে সে বিষয়েও মেলেনি কোনো ইঙ্গিত।
পরিসংখ্যান ও বয়স হিসেব করলে দেখা যায়, বর্তমানে ২৮ ছুঁইছুঁই হামজার সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে লেস্টারের। অর্থাৎ চুক্তির মেয়াদের প্রায় শেষ দিকে চলে এসেছেন তিনি। এমন অবস্থায় হামজাকে বিক্রি করে দলবদলের ভালো অর্থ আয়ের এটিই হয়তো শেষ সুযোগ লেস্টারের সামনে।
উল্লেখ্য, লেস্টার সিটি বর্তমানে খেলছে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর ‘লিগ ওয়ান’-এ। অন্যদিকে ডার্বি কাউন্টি রয়েছে ওপরের স্তর অর্থাৎ ‘চ্যাম্পিয়নশিপ’-এ। ডার্বিতে যোগ দিলে হামজা আবার এক ধাপ উঁচু মানের ফুটবল প্রতিযোগিতায় ফেরার সুযোগ পাবেন।
মূলত হামজার ‘ভার্সেটাইলিটি’ বা বহুমুখী সামর্থ্যই আকর্ষণ করেছে ডার্বিকে। নিজের মূল পজিশন রক্ষণাত্মক মিডফিল্ড সামলানোর পাশাপাশি রাইট-ব্যাকেও সমান কার্যকর তিনি।
লেস্টার সিটির যুব একাডেমি থেকে উঠে আসা হামজা ২০১৫ সালে মূল দলে আত্মপ্রকাশ করেন। এর মধ্যে বেশ কয়েকবার ক্লাব বদলেছেন ধারের চুক্তিতে, বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডের হয়েও খেলেছেন। শেষ ধারের মেয়াদ শেষ করে গত মৌসুমেই ফেরেন লেস্টারে।
গুঞ্জন জোরদার হলেও হামজা কিংবা দুই ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।











































