বাম চোখ লাফালেই কি অশুভ কিছু ঘটবে?

ছবি: এআই জেনারেটেড

হঠাৎ বাম চোখের পাতা কেঁপে উঠলেই অনেকের মনে প্রশ্ন জাগে—কোনো খারাপ খবর আসছে না তো? প্রচলিত লোকবিশ্বাসে বাম চোখ লাফানোকে অনেক সময় অশুভ ঘটনার ইঙ্গিত হিসেবে ধরা হয়। তবে চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা বলছে, চোখের পাতা কাঁপার সঙ্গে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার সম্পর্ক নেই।

চোখের পাতা অনিচ্ছাকৃতভাবে কাঁপা বা লাফানোকে ইংরেজিতে ‘Left eye twitching’ বলা হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি সাধারণত eyelid myokymia নামে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রেই এটি সাময়িক এবং গুরুতর কোনো সমস্যার লক্ষণ নয়।

কেন লাফায় চোখ?

চোখের পাতা কাঁপার অন্যতম সাধারণ কারণ হলো ঘুমের অভাব ও অতিরিক্ত ক্লান্তি।দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা অন্য কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও চোখে চাপ পড়ে এমনটা হতে পারে।

এ ছাড়া মানসিক চাপ, অতিরিক্ত চা-কফি বা ক্যাফেইন গ্রহণ, চোখ শুষ্ক হয়ে যাওয়া এবং চোখে অতিরিক্ত চাপ পড়ার কারণেও চোখের পাতা কাঁপতে পারে। কখনো কোনো নির্দিষ্ট কারণ ছাড়াও কয়েক ঘণ্টা বা কয়েক দিন এমন হতে পারে।

তাহলে বাম চোখকে অশুভ বলা হয় কেন?

বাম চোখ লাফানোকে অশুভ মনে করার ধারণাটি মূলত লোকবিশ্বাস ও কুসংস্কারের সঙ্গে যুক্ত।এর একক কোনো নির্দিষ্ট উৎস নেই। প্রাচীনকাল থেকেই বিভিন্ন সংস্কৃতিতে শরীরের অনিচ্ছাকৃত নড়াচড়াকে ভবিষ্যতে ঘটতে যাওয়া কোনো ঘটনার শুভ বা অশুভ লক্ষণ (omen) হিসেবে ব্যাখ্যা করার চল ছিল।

বিশেষ করে চীনা লোকবিশ্বাস, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন লোকাচার এবং কিছু মধ্যপ্রাচ্য ও আফ্রিকান সংস্কৃতিতেও চোখ কাঁপা বা লাফানো নিয়ে নানা বিশ্বাস প্রচলিত রয়েছে।

তবে এসব বিশ্বাসের মধ্যেও রয়েছে বেশ পার্থক্য। কোথাও বাম চোখ লাফানোকে অশুভ, আবার কোথাও বাম চোখ লাফানোকে শুভ লক্ষণ হিসেবে দেখা হয়।ফলে ‘বাম চোখ লাফালেই খারাপ কিছু হবে’—এটি কোনো সর্বজনীন প্রাচীন নিয়ম নয়।

তাহলে কী বলছে বিজ্ঞান?

চোখের পাতা লাফানোর সঙ্গে ভবিষ্যতে কোনো ভালো বা খারাপ ঘটনা ঘটার বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং এটি সাধারণত চোখের পেশির সাময়িক অনিচ্ছাকৃত সংকোচনের ফল।

তাই বাম চোখ লাফালেই আতঙ্কিত হওয়ার কারণ নেই। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, স্ক্রিন থেকে নিয়মিত বিরতি এবং অতিরিক্ত ক্যাফেইন কমিয়ে অনেক ক্ষেত্রেই এই সমস্যা কমানো যায়।

তবে চোখের পাতা কাঁপা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, চোখের অন্য অংশেও অনিয়ন্ত্রিত নড়াচড়া দেখা দেয়, চোখে ব্যথা বা লালভাব হয় কিংবা দৃষ্টিতে সমস্যা দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অর্থাৎ, বাম চোখ লাফানোকে ঘিরে অশুভ-শুভ নানা বিশ্বাস থাকলেও, বাস্তবে এটি বেশিরভাগ সময় শরীরের স্বাভাবিক একটি প্রতিক্রিয়া।

LEAVE A REPLY