রাশিয়ার ‘অরাস’ ও চীনের ‘হংকি’, রাজকীয় বাহনের আড়ালে সর্বোচ্চ নিরাপত্তা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে শক্তিশালী ও সুরক্ষিত রাষ্ট্রীয় গাড়িবহর নিয়ে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। সাধারণ রাষ্ট্রীয় বহরের চেয়ে বড় এই বহরে দুই রাষ্ট্রপ্রধানের জন্য থাকছে বিশেষভাবে নির্মিত দুটি ভারী সাঁজোয়াযুক্ত বিলাসবহুল লিমুজিন।

১১ সেপ্টেম্বরে পৌঁছানো প্রেসিডেন্ট পুতিন চড়ছেন রুশ-নির্মিত ‘অরাস সেনাট’ লিমুজিনে। অন্যদিকে, ১২ সেপ্টেম্বর সম্মেলনে যোগ দেওয়া চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ব্যবহার করছেন নিজ দেশের তৈরি প্রযুক্তিভিত্তিক গাড়ি ‘হংকি এন৭০১’। আন্তর্জাতিক ভ্রমণের সময় নেতাদের সর্বোচ্চ সুরক্ষা ও এনক্রিপ্টেড যোগাযোগ সুবিধা নিশ্চিত করতেই দুটি গাড়িতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে

২০১৮ সাল থেকে প্রেসিডেন্ট পুতিন তার পূর্ববর্তী মার্সিডিজ-বেঞ্জ এস ৬০০ গার্ডের পরিবর্তে রাশিয়াতেই তৈরি ‘অরাস সেনাট’ ব্যবহার শুরু করেন।রাশিয়ার ঐতিহাসিক কর্তেজ প্রকল্পের অধীনে উৎপাদিত এই এল৭০০ মডেলের গাড়িটি প্রায় সাত মিটার লম্বা। ৪.৪-লিটার টুইন-টার্বো ভি৮ হাইব্রিড ইঞ্জিনের এই গাড়িটি ৫৯৮ হর্সপাওয়ার এবং ৮৮০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িটির সুনির্দিষ্ট নিরাপত্তা মাত্রা গোপন রাখা হলেও এটি উচ্চ-ক্যালিবারের বর্ম-ভেদকারী বুলেট এবং বোমার বিস্ফোরণ মোকাবিলায় সক্ষম। এতে রয়েছে কয়েক সেন্টিমিটার পুরু বহুস্তরীয় বুলেটপ্রুফ কাচ, বিশেষ রান-ফ্ল্যাট টায়ার এবং রাসায়নিক হামলা ঠেকাতে কেবিনে স্বতন্ত্র অক্সিজেন ও বাতাস সরবরাহ ব্যবস্থা।পেছনের কেবিনে রয়েছে হিটেড ও ভেন্টিলেটেড ম্যাসাজ সিট, ওয়ার্ক টেবিল এবং সাটেলাইট যোগাযোগ সুবিধা। উল্লেখ্য, গত বছর চীনে আয়োজিত শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনের সাথে এই অরাস গাড়িতেই ভ্রমণ করেছিলেন।ড

চীনের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের জন্য বিশেষ গাড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড ‘হংকি’ (রেড ফ্ল্যাগ)-র এন৭০১ মডেলের সাঁজোয়া লিমুজিন চড়ে সম্মেলনে অংশ নিচ্ছেন শি জিনপিং। ১৮ ফুটের বেশি লম্বা এবং প্রায় তিন টন ওজনের এই বিলাসবহুল যানটি সম্পর্কে চীন সরকার খুব কম তথ্যই জনসমক্ষে প্রকাশ করেছে। গাড়িটির ইঞ্জিন বা সুনির্দিষ্ট ক্ষমতার তথ্য গোপন রাখা হলেও জানা গেছে এতে রয়েছে ভারী ব্যালিস্টিক বর্ম, অতি-সুরক্ষিত বুলেটপ্রুফ কাচ, নিজস্ব জীবনরক্ষা এবং এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা।

এর আগে ২০১৯ সালে ভারত সফরের সময় শি চিনপিং হংকির এল৫ মডেল ব্যবহার করেছিলেন। এ ছাড়া ২০২৫ সালে এসসিও সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই হংকি এল৫ গাড়িতে সফর করেন। ভি১২ ইঞ্জিনের এই গাড়িটি ঘণ্টায় প্রায় ২১০ কিলোমিটার গতিতে চলতে পারে।

LEAVE A REPLY