আমার চেয়ে সেরা মৌসুম কেউ কাটায়নি : ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পে

ছবি : রয়টার্স

আগামী মাসে বসতে যাচ্ছে ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অরের আসর। আর তার আগেই নিজের প্রার্থিতার জানান দিতে বড় মন্তব্য করে বসলেন কিলিয়ান এমবাপ্পে।ফরাসি পত্রিকা লেকিপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড দাবি করেছেন, সদ্য সমাপ্ত মৌসুমে ইউরোপের অন্য কোনো ফুটবলার তার চেয়ে ভালো পারফর্ম করতে পারেননি।

সাক্ষাৎকারে বেশ জোর দিয়েই এমবাপ্পে বলেন, ‘এমন একজন খেলোয়াড়ও নেই যার মৌসুম আমার চেয়ে ভালো কেটেছে। তাই এবারের ব্যালন ডি’অর জয়ের একটি দারুণ সুযোগ আমার সামনে রয়েছে।’

ব্যালন ডি’অরের ভোটপ্রক্রিয়া নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, ‘অতীতের অনেক আসরেই দেখা গেছে, পুরস্কারটি বিশ্বের সেরা ফুটবলারকে দেওয়ার বদলে সেরা দলের সেরা খেলোয়াড়কে দেওয়া হয়েছে।’ 

চ্যাম্পিয়নস লিগ ট্রফি এবং ব্যালন ডি’অর ছাড়া অবসরের সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে এমবাপে জানান, মাঠে খেলে জয় অর্জন করাই মূল কথা, তবে ব্যালন ডি’অরের বিষয়টি অনেক সময় ভোটের ওপরও নির্ভর করে। তবে এক দশক পরের কথা না ভেবে তিনি আপাতত বর্তমান নিয়েই দৃষ্টি রাখতে চান।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার মুকুট জিতেছেন ফরাসি এই তারকা। 

তবে ব্যালন ডি’অরের লড়াইটা যে মোটেও সহজ হবে না, তা পরিসংখ্যানই বলে দেয়।একদিকে বার্সেলোনার তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল স্পেনের হয়ে বিশ্বকাপ ও ক্লাবের হয়ে লা লিগা জিতেছেন, অন্যদিকে স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক রদ্রি জিতে নিয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার। 

পিছিয়ে নেই বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনও, বুন্দেসলিগা জয়ের পাশাপাশি এক মৌসুমে ৬০ গোল করার এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন এই ইংলিশ স্ট্রাইকার। আর বর্তমান চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি থেকে ফেবিয়ান রুইজ, দেম্বেলেরাও আছেন ফেবারিট হিসেবে।  
 

LEAVE A REPLY