সংগৃহীত ছবি
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমা ‘ট্রাইব্যুনাল’। রায়হান খান পরিচালিত সিনেমাটিতে গত বছর যুক্ত হয়েছিলেন নুসরাত ফারিয়া।ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
বিষয়টি নিশ্চিত করে নুসরাত ফারিয়া বলেন, ‘রায়হান খান ভাই আমার খুব কাছের মানুষ। তার সঙ্গে কথা হয়েছিল।এখানে আইনজীবী চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু এই সিনেমাটি আমি করছি না। শুনেছি, এই সিনেমার অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছে। এ কারণে সিনেমাটির সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না।’
সিনেমাটির শুটিংয়ে তার অংশ এখনো শুরু হয়নি বলেও জানান ফারিয়া। তিনি বলেন, ‘শুনেছি ওনারা সিনেমার অনেক অংশের শুটিং করেছেন, কিন্তু আমার পার্টগুলো বাকি ছিল। যেহেতু আমার পার্টগুলো কোর্টরুম বেজ, তাই শুটিং করিনি। এখন আর সিনেমাটির সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’
‘ট্রাইব্যুনাল’-এ নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রাসহ আরো অনেকে।
এর আগে নির্মাতা রায়হান খান জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল তার। তবে এর মধ্যে অভিনেত্রী তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে সিনেমাটির কাজ থমকে যায়।
এদিকে নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং ও অন্য কাজও প্রায় শেষের পথে।
অন্যদিকে গত সপ্তাহে নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। ‘লজ্জা’ নামের সিনেমাটিতে ফারিয়ার সঙ্গে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন।
আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।











































