অভিনেতা ও সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।তাঁর আকস্মিক মৃত্যুতে সংগীত ও অভিনয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনয় ও সংগীতাঙ্গনের অনেকেই।
মুকুল জামিলের মৃত্যুতে শোক জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন।’ তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি।
মুকুল জামিলকে স্মরণ করে সংগীতশিল্পী মিলন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমার প্রাণপ্রিয় ভাই মুকুল জামিল ভাই এভাবে হঠাৎ চলে যাবেন, এটা আমার জন্য প্রচণ্ড কষ্টের।’ তিনি জানান, দেখা হলেই মুকুল জামিল তাঁকে বুকে জড়িয়ে ধরতেন, কপালে চুমু দিতেন।
মিলন আরো লিখেছেন, ‘মুকুল ভাই ছিলেন একজন সংগীতশিল্পী।কিন্তু জীবনে প্রথমবার অভিনেতা হিসেবে আমার ‘সেলফি’ গানটিতে মজার ছলে তাকে মডেল হিসেবে নিয়েছিলাম। এরপর একে একে আমার অনেকগুলো গানে মুকুল ভাইকে অভিনেতা হিসেবে পেয়েছি।’
ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি ঝোঁক ছিল মুকুল জামিলের। বোনের হাত ধরে সংগীতে তাঁর পথচলা শুরু হয়। দীর্ঘ সংগীতজীবনে ৩০টির বেশি মিক্সড অ্যালবামে কাজ করেছেন তিনি।তাঁর একটি একক অ্যালবাম রয়েছে, যার নাম ‘আমি তো এমনই’।
মুকুল জামিলের বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালোবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। এ ছাড়া তাঁর ‘চায়ের চুমুকে’ গানটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।
সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন মুকুল জামিল। ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) ও ‘ছাত্রী বউ’ (২০২৪) চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকেও কাজ করেছেন এই শিল্পী।
মুকুল জামিলের আকস্মিক মৃত্যুতে সংগীত ও অভিনয়—দুই অঙ্গনেই শোকের ছায়া নেমে এসেছে।









































