সংগৃহীত ছবি
টানা তিন বছর ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ঘরের মাঠে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ আসরের মিনি-নিলাম ভারতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বহুল আলোচিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ ২০২৩ সালে কোচিতে অনুষ্ঠিত হয়েছিল ভারতের মাটিতে আইপিএলের নিলাম। এর পরের তিনটি আসরের নিলামের ভেন্যু ছিল দেশের বাইরে, দুবাই, জেদ্দা ও আবুধাবিতে। তবে টানা ৩ বছর বিদেশে আয়োজনের পর আবারও দেশে ফেরার সিদ্ধান্ত নিল বিসিসিআই।
বিদেশে মিনি-নিলামের আয়োজন বিশাল প্রতিনিধিদল নিয়ে যাতায়াত, থাকা-খাওয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বেশ ঝক্কির কারণ হয়ে দাঁড়াচ্ছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই আপত্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিসিসিআই ভারতে নিলাম ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।
তবে কবে এবং কোথায় এই নিলাম বসবে, তা নিয়ে এখনো কিছুটা সংশয় রয়ে গেছে। ভারতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ের মৌসুম চলায় পাঁচতারা হোটেলে পর্যাপ্ত রুম পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হচ্ছে বোর্ডকে।











































