সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল হুতিরা

সংগৃহীত ছবি

ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়েই এই সফল হামলা পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

বিষয়টি নিশ্চত করে সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে হুতি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, সৌদি-সমর্থিত ভাড়াটে যোদ্ধাদের বিমান সহায়তা দেওয়ার সময় যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়।

তিনি আরো দাবি করেন, এর ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে আরো দুটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ইয়েমেনি বাহিনীর মুখোমুখি হয় এবং তাদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়।

‘শত্রুর’ বিরুদ্ধে ইয়েমেনের আকাশসীমা সুরক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ ছাড়া চলতি সপ্তাহে তাইজ, লাহজ, আল-জাওফ, হাজ্জাহ, মারিব, সাদা ও আল-বায়দা প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৪৫০টির বেশি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সারি।এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

তবে সৌদি আরবের পক্ষ থেকে হুতিদের এই দাবি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই হুতিদের একটি ড্রোন ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 

বুধবার সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে ড্রোনটি ভূপাতিত করা হয়।২০১৭ সালের জুলাইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মক্কাকে লক্ষ্য করে এটি হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা। তবে হুতি কর্মকর্তারা মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছেন।

LEAVE A REPLY