সংগৃহীত ছবি
দীর্ঘ অপেক্ষার অবসান। জনপ্রিয় ভারতীয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তির মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা।অজয় দেবগন ও অক্ষয় কুমারকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সিনেমাটিতে। আগামী ৮ জানুয়ারি, ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গোলমাল ৫’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করেছেন সিনেমাটির পরিচালক রোহিত শেঠি। পোস্টে তিনি লিখেছেন, ‘হাসি, মজা, আনন্দ, সুখ এবং পরিবার… ব্যস, আর কিছুই নয়।’
‘গোলমাল ৫’-এ গোপালের চরিত্রে ফিরছেন অজয় দেবগন। পাশাপাশি আগের কিস্তিগুলোর পরিচিত মুখ আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, কুণাল খেমু ও শ্রেয়াস তালপাড়েকেও দেখা যাবে। প্রথম কিস্তি ‘গোলমাল : ফান আনলিমিটেড’-এর পর ফের এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন শারমান জোশি।
২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘গোলমাল : ফান আনলিমিটেড’।এরপর ২০০৮ সালে ‘গোলমাল রিটার্নস’, ২০১০ সালে ‘গোলমাল ৩’ এবং ২০১৭ সালে ‘গোলমাল এগেইন’ মুক্তি পায়। প্রতিটি কিস্তিতেই হাস্যরসের পাশাপাশি ভিন্ন ধরনের গল্প ও চরিত্র উপস্থাপন করেছেন নির্মাতারা।
এরই মধ্যে ‘গোলমাল ৫’-এ অক্ষয় কুমারের যুক্ত হওয়ার খবরও নিশ্চিত করেছেন নির্মাতারা। ফলে এবার ‘গোলমাল’ দলের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন এক মুখ। সিনেমাটিতে প্রিয়ামণিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।জানা গেছে, তার চরিত্রটি খলনায়িকার হতে পারে।
রোহিত শেঠি পরিচালিত ‘গোলমাল’ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি। সর্বশেষ কিস্তি ‘গোলমাল এগেইন’ ছিল অতিপ্রাকৃত ঘটনা ও হাস্যরসের মিশেলে তৈরি। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রেক্ষাগৃহে সাফল্য পেয়েছিল সিনেমাটি। পরবর্তী সময়ে ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির আবহে ‘সার্কাস’ নামে একটি স্পিন-অফ সিনেমা নির্মাণ করেন রোহিত শেঠি। রণবীর সিং অভিনীত ছবিটি ২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল।
এদিকে অজয় দেবগনকে সামনে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিনেমায় দেখা যাবে। তার অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ মুক্তির কথা রয়েছে ২০২৬ সালের ২ অক্টোবর। অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি হিসেবে নির্মিত হচ্ছে। এ ছাড়া অভিনেতার হাতে রয়েছে ‘রেঞ্জার’ ও ‘চৌহান’।
অন্যদিকে অক্ষয় কুমারকে সম্প্রতি ‘হাইওয়ান’ সিনেমায় দেখা গেছে। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলী খান।











































