বিতর্কের আবহেই মঞ্চে ফিরছেন এড শিরান

সংগৃহীত ছবি

এড শিরানের ‘লুপ ট্যুর’ ঘিরে গত কয়েক দিন ধরেই চলছে নানা আলোচনা। ম্যাকলমোরকে ট্যুর থেকে সরিয়ে দেওয়ার পর একে একে একাধিক সাপোর্টিং আর্টিস্টও নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।এমন পরিস্থিতির মধ্যেই শনিবার ফের মঞ্চে উঠতে চলেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান।

শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে এড শিরানের কনসার্ট হওয়ার কথা। তবে ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। কারণ, তার বিদায়ের পর ট্যুরের সঙ্গে যুক্ত একাধিক শিল্পীও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।ফলে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত এড শিরানের সঙ্গে মঞ্চে থাকছেন কে?

এড শিরানের ‘লুপ ট্যুর’-এর যুক্তরাষ্ট্র পর্বে অন্যতম সাপোর্টিং অ্যাক্ট ছিলেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। সম্প্রতি একটি পারফরম্যান্সে মঞ্চ থেকে প্যালেস্টাইন নিয়ে সরব হন তিনি। তার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পরই তাকে এড শিরানের ট্যুর থেকে সরিয়ে দেওয়া হয়।

ম্যাকলমোরের দাবি, ভেন্যু মালিকদের চাপের কারণেই তাকে ট্যুর থেকে বাদ দেওয়া হয়েছে।তবে এড শিরান জানিয়েছেন, তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তার ব্যক্তিগত ছিল না। তার ভাষ্য অনুযায়ী, ট্যুরের প্রোমোটার ও সংশ্লিষ্ট স্টেডিয়াম কর্তৃপক্ষের সিদ্ধান্তেই ম্যাকলমোরকে বাদ দেওয়া হয়েছে।

এরপর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। ম্যাকলমোরকে সমর্থন জানিয়ে একে একে ট্যুর থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেন একাধিক সাপোর্টিং আর্টিস্ট। তাদের মধ্যে রয়েছেন ফিনিয়াস, লুকাস গ্রাহাম, বিয়োগাসহ আরো অনেকে।

ফলে শনিবারের ফিলাডেলফিয়া কনসার্ট নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। এখন পর্যন্ত নতুন করে কোনো সাপোর্টিং অ্যাক্টের নাম ঘোষণা করা হয়নি। তাই প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত এত বড় স্টেডিয়াম শো কি একাই সামলাবেন এড শিরান?

LEAVE A REPLY