এবার করপোরেট দুনিয়ায় যোগ দিলেন হাসান মাসুদ

সংগৃহীত ছবি

সেনাবাহিনীর ইউনিফর্ম থেকে সাংবাদিকতার কলম, এরপর ক্যামেরার সামনে অভিনয়—পেশাজীবনে একাধিকবার পথ বদলেছেন অভিনেতা হাসান মাসুদ। প্রতিটি ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি।এবার তার বৈচিত্র্যময় কর্মজীবনে যুক্ত হলো নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি এবার করপোরেট দুনিয়ায় পেশাজীবী হিসেবে যাত্রা শুরু করেছেন এই অভিনেতা।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শক প্রতিষ্ঠান জেইন গ্লোবালে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন হাসান মাসুদ। গত ১ সেপ্টেম্বর থেকে নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তিনি।

অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার এই সময়েই পেশাগত জীবনে নতুন পথ বেছে নিলেন তিনি। জেইন গ্লোবালে নতুন দায়িত্বে তার কাজের পরিধি হবে শিক্ষার্থীসেবা, ব্র্যান্ডিং ও যোগাযোগ কার্যক্রম ঘিরে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে জেইন গ্লোবাল।হাসান মাসুদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ এবং সেবার মান উন্নয়নে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।

হাসান মাসুদের কর্মজীবনের পথচলা বরাবরই ছিল গতানুগতিকতার বাইরে। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন হাসান মাসুদ। পরবর্তী সময়ে সাংবাদিকতায় যুক্ত হন। এরপর অভিনয়ে এসে ছোট পর্দায় পরিচিতি পান।নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন টেলিভিশন আয়োজনে নিয়মিত দেখা যেত তাকে। অভিনয়ের নিজস্ব ধরন ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও পরিচালনাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন হাসান মাসুদ। তবে সময়ের সঙ্গে অভিনয়ের ব্যস্ততা কমিয়ে আনেন তিনি। গত কয়েক বছর ধরে নাটক কিংবা সিনেমায় তাকে আগের মতো নিয়মিত দেখা যায় না। বেছে বেছে বিজ্ঞাপনে কাজ করলেও অভিনয়কে আর পেশাগত জীবনের কেন্দ্রে রাখেননি। এবার ক্যামেরার সামনে চরিত্র হয়ে ওঠার বদলে তার নতুন দায়িত্ব ব্র্যান্ড, শিক্ষার্থী ও যোগাযোগকে ঘিরে। পেশাজীবনে একাধিকবার পথ বদলালেও আগের অভিজ্ঞতাগুলোই নতুন কাজে কাজে লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

LEAVE A REPLY